পুলিশী ধাওয়া, পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ১৪ দলের ডিসি অফিস অবরোধ ও বিক্ষোভ পালন
পুলিশী ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে বুধবার আওয়ামী লীগসহ ১৪ দল ঢাকায় জেলা প্রশাসক কার্যালয় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।
চাল ডাল তেল লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বাজার তদারকির ব্যবস্থা, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, গরিব, মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য রেশনিং চালু, উত্তরাঞ্চলে মঙ্গা ও দক্ষিণ--পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ অঞ্চলে কাজের ব্যবস্থা ও খাদ্যের নিরাপত্তা দাবি এবং বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
সকাল ১১ টায় আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে বাহাদুর শাহ্ পার্কে এসে জমায়েত হতে শুরু করে। এখানে প্রায় দেড় ঘন্টার সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ের দিকে এগিয়ে যান।
এসময় পুলিশের বাধা উপেক্ষা করে কাঁটাতারের ব্যারিকেড ভেঙ্গে সামনে এগিয়ে যান তারা। পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। অন্যদিকে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হয়। সাথে সাথে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে এক দল নেতা কর্মী পুলিশের বাধা উপেক্ষা করে বেরিকেড ভেঙ্গে জেলা জজ আদালতের পাশের রাস্তায় ঢুকে পড়েন। কিন্তু মূল প্রবেশ পথ বন্ধ থাকায় সেখানেই রাস্তার ওপর তারা অবস্থান নেন তারা।
অপর অংশটি ব্যারিকেডের বাইরে থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। দুপুর সোয়া ১ টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।
