চট্টগ্রাম ও গাজীপুরে আদালতে বোমা হামলার প্রতিবাদে ঢাবি আইন অনুষদের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের মিছিল ও সমাবেশ
চট্টগ্রাম ও গাজীপুরে আদালত প্রাঙ্গনে বোমা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেছে। মঙ্গলবার সকালে আইন অনুষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করার মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এছাড়া মঙ্গলবার ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল, সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগঠন ও প্রগতিশীল ছাত্রজোট চট্টগ্রাম ও গাজীপুরে আদালতে বোমা হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে।
কলাভবনের আমতলায় সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগঠনের সমাবেশে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম সুজন । এতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু, শরিফুল কবির স্বপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার এতোদিন বলেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু এখন সরকার নিজেরাই বুঝতে পারছে বাংলা ভাই জামায়াত ইসলামীর অভিন্ন অঙ্গ।
বক্তারা সরকারের পদত্যাগ দাবি করে বলেন, সরকার আইন শৃঙ্খলাসহ সব রকমের নিরাপত্তা দিতে ব্যর্থ।
বিচারকদের ওপর বোমা হামলায় ক্ষুব্ধ শিক্ষকরাও। আইন অনুষদের শিক্ষক ড. আসিফ নজরুল বিডিনিউজকে বলেন, স্বাধীনতা উত্তরকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি কখনও এরকম ছিল না। এ অবস্থার জন্য দায়ী সরকার। তবে এখন কাউকে দোষারোপ না করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
