২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় বিধিমালা মোতাবেক আবু হেনার সদস্য পদ নির্ধারিত হবে : মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি থেকে বহি®কৃত সাংসদ আবু হেনার সংসদ সদস্য পদ দলীয় বিধিমালা ও দেশের সংবিধান অনুযায়ী নির্ধারিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তিনি বলেন, বিএনপি থেকে আবু হেনার বহিষ্কার ও তার সংসদ সদস্য পদের ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে চাই না। সাম্প্রতিক সময়ে একটি মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে বহিষ্কারের পর দেশের সংবিধান ও দলীয় বিধিমালা মোতাবেক তার সংসদ সদস্য পদ নির্ধারিত হবে।

সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

‘সংগঠন বিরোধী কার্যক্রমে’র জন্য আবু হেনা এমপিকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সপ্তম সংসদের এক অধিবেশনে যোগ দেওয়ায় মেজর (অব.) আখতারুজ্জামান তার সদস্যপদ হারিয়েছিলেন। আইনী লড়াইয়ে নির্বাচন কমিশন তার সদস্যপদ বাতিল করেছিল। পরে হাইকোর্ট নির্বাচন কমিশনের রায় বহাল রাখে। ব্যরিস্টার মওদুদ আহমেদ সংসদ থেকে আখতারুজ্জামানের সদস্যপদ বাতিলের আবেদন করেছিলেন।

অন্যদিকে ২৪ নভেম্বর স্পিকার ব্যরিস্টার জমির উদ্দিন সরকার বলেন, বিএনপি থেকে বহিষ্কার হলেও আবু হেনা তার সংসদ সদস্য পদ হারাবেন না।

ব্যরিস্টার মওদুদ বলেন, সরকার প্রস্তাবিত এটর্নি সার্ভিস এ্যাক্ট’র একটি খসড়া প্রস্তুত করেছে।

আইন মন্ত্রণালয় শিগগির প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদে উত্থাপন করবে। মন্ত্রী পরিষদ প্রস্তাব গ্রহণ করলে এটা বিল হিসেবে সংসদে উত্থাপন করা হবে।

তিনি বলেন, এই সার্ভিসের আওতায় ধাপে ধাপে আড়াই হাজার আইন বিষয়ক কর্মকর্তা নিয়োগ করা হবে।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত এটর্নি সার্ভিস হবে পৃথক ক্যাডার সার্ভিস এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আইন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে।

সম্মেলনে আইন প্রতিমন্ত্রী ব্যরিস্টার শাহজাহান ওমর এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।