২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যবদ্ধ থেকে সরকার বিরোধী আন্দোলন এগিয়ে নিন: দলীয় নেতাদের উদ্দেশে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে জোট সরকারের পতন ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্দোলনকে এগিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সোমবার দুপুরে বরগুনার আমতলী থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সুধাসদনে সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা তাদের এ পরামর্শ দিয়ে বলেন, নিজেদের মধ্যে কোনও কলহ বা অন্তর্দ্বন্দ্ব থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। আর আওয়ামী লীগের পোশাক পরে কেউ অন্যদের স্বার্থ চরিতার্থ করলে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, গত ২৫ জুলাই অনুষ্ঠিত আমতলী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ এবং সৃষ্ট পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এব্যাপারে গঠিত তদন্ত কমিটিকে অবিলম্বে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্যে শেখ হাসিনা নির্দেশ দেন।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের স্থানীয় নেতাদের মনোনয়ন দেওয়ার অনুরোধ জানানো হলে তাদের ঐক্যবদ্ধভাবে কাজের পরামর্শ দেন তিনি।

এসময় আব্দুল মান্নান মৃধার নেতৃত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহজাহান কবির, জাকিয়া নিজাম, আব্দুল আজিজ, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল, অ্যাডভোকেট মনিরুজ্জামান ও ক্যাপ্টেন (অব.) শাহ্ আলমসহ আমতলী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন।