দিনাজপুর-১ উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
নির্বাচন কমিশন দিনাজপুর--১ আসনের উপ--নির্বাচনে শান্তি--শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিডিআর এবং আনসার বাহিনী নিয়োগের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সভাপতিত্বে এক সভায় উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় অপর দুই নির্বাচন কমিশনার এম মুন্সেফ আলি এবং একে মোহাম্মদ আলিও উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সম জাকারিয়া, স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, আইজিপি এমএ কাইয়ুম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মুসতফা রেজা নূর, বিডিআর--এর মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আকবর আকতারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রয়োজনীয় সব কিছুই করা হবে।
সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা-- এ প্রশ্নের উত্তরে সংক্ষেপে তিনি বলেন, অবশ্যই।
দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলা সমন্বয়ে গঠিত আসনটি জামায়াতে ইসলামীর সাংসদ আব্দুল্লাহ আল কাফির মৃত্যুতে শূন্য হয়। ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
