২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান ৩ দলের উপনেতা সমস্যা

জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান তিন দলেই উপনেতা নিয়ে সমস্যা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

প্রায় তিন বছর ধরে বিএনপির উপনেতার পদ শূন্য। আওয়ামী লীগের উপনেতা দলের কেন্দ্রীয় কমিটির পদে না থাকায় নীতি নির্ধারণী ক্ষেত্রে তার অংশগ্রহণ সীমিত। ১৭ সংসদ সদস্যের জামায়াতের উপনেতা নিয়ে সমস্যার কারণে তাদের উপনেতা করা হয় দুই জনকে।

সংসদ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

২০০১ সালের নির্বাচনের পর ১২ অক্টোবর অনুষ্ঠিত বিএনপি’র সংসদীয় দলের বৈঠকে খালেদা জিয়াকে সংসদ নেতা এবং অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে উপনেতা নির্বাচন করা হয়।

একই বছর ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হলে উপনেতা পদটি শূন্য হয়। সেসময় থেকে এখন পর্যন্ত উপনেতার পদটি শূন্য রয়েছে।

সাংবিধানিক বা আইনগত  বাধ্যবাধকতা না থাকায় বিএনপি এখনও সংসদীয় দলের উপনেতা নির্বাচন করেনি। তবে উপনেতার পদটি শূন্য থাকায় সংসদ কার্যক্রম বিঘিœত হচ্ছে।

২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক ছাড়াই প্রেস রিলিজের মাধ্যমে শেখ হাসিনাকে নেতা ও সাবেক স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটকে উপনেতা ঘোষণা করে।

সংগঠনের একটি সূত্র জানায়, আব্দুল হামিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পদে না থাকার ফলে তাকে উপনেতা করায় দলের শীর্ষ নেতাদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করেন। আর এ কারণে তিনি দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পারছেন না।

সূত্র জানায়, আব্দুল হামিদকে আরও ক্ষমতাহীন করার জন্যে আওয়ামী লীগের সংসদীয় দলের সচিব বানানো হয়েছে আব্দুল জলিলকে। ফলে সংসদ সংক্রান্ত সিদ্ধান্ত  গ্রহণে আব্দুল হামিদের ভূমিকা আরো সীমিত হয়ে পড়লো।

জামায়াতের উপনেতা নিয়েও সমস্যা রয়েছে। প্রথমে মাওলানা মতিউর রহমান নিজামীকে নেতা এবং মাওলানা আব্দুস সুবহানকে উপনেতা করা হয়েছিল।

দলীয় সূত্র জানায়, সপ্তম সংসদের তিন সদস্যের জামায়াতের সংসদীয় দলের নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এতে ক্ষুব্ধ হন। দলের মধ্যে সৃষ্ট ক্ষোভ চাপা দিতে তাকেও উপনেতা ঘোষণা করে জামাত। সংসদে তার আসনও এগিয়ে আনা হয়।