২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারী পুরুষ বৈষম্য দূরীকরণে মানবাধিকার সংগঠনের দাবি

উন্নত দেশের বাজারে স্বল্পোন্নত দেশের পণ্য ও জনশক্তির অবাধ প্রবেশাধিকার এবং নারী পুরুষ বৈষম্য হ্রাসসহ মৌলিক অধিকার বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 12:36 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার  মন্ত্রী পর্যায়ের বৈঠককে সামনে রেখে এবং আন্তর্জাতিক নারী নির্যাতন দূরীকরণ দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার নগরীতে আয়োজিত সমাবেশ, মানব বন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান।

হংকংয়ে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ বিষয়ে জোড়ালো অবস্থান নেওয়ার জন্যেও সরকারের প্রতি তারা দাবি জানান। ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত হংকংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কর্মজীবী নারী নগরীর মুক্তাঙ্গণে সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিরিন আখতার। উন্নত দেশের বাজারে স্বল্পোন্নত দেশের পণ্য এবং শ্রমিকদের ভিসামুক্ত প্রবেশাধিকারসহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে ঢাকার আশেপাশের মিল কারখানার কয়েক হাজার শ্রমিক এ সমাবেশে যোগ দেয়।

সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ নারী শ্রমিকদের বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে যাওয়া বাংলাদেশের প্রতিনিধিদলকে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বিশ্ব স্বাস্থ্য সংস্থার আসন্ন শীর্ষ সম্মেলনে নারী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি জোড়ালোভাবে তুলে ধরার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান। এটি না করলে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে এর যথাযথ জবাব দেবে বলে তিনি উল্লেখ করেন।

শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে অন্যান্যের মধ্যে সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট চেয়ারম্যান মাহফুজুল্লাহ ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান এমপি, নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি নাসরিন আউয়াল মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন সংগঠন শ্রমিকদের দাবির সমর্থনে নগরীতে বর্ণাঢ্য মিছিল বের করে।