খালেদা জিয়া নন, দেশ চালাচ্ছে জামাত সরকার: আবু হেনা
রাজশাহী-৩ আসন থেকে নির্বাচিত এবং বিএনপি থেকে বহিস্কৃত সাংসদ আবু হেনা বলেছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া নন, দেশ চালাচ্ছে জামাত সরকার।
আবু হেনা বলেন, বিএনপি আমাকে দল থেকে বহিস্কার করে এটাই প্রমান করলো, তারা আসলে জঙ্গিবাদের সমর্থক। তিনি বলেন, দল থেকে বহিস্কার করে আমার প্রতি অবিচার করা হয়েছে।
হোটেল সোনারগাঁয় শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশে জঙ্গিদের উত্থানের ব্যাপারে আমি কেবল একজন মন্ত্রীকে দোষারোপ করেছি, পুরো সরকারকে নয়। আমি ভেবেছিলাম দল ওই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দল আমাকেই বহিষ্কার করেছে।
এদিকে দেশে জঙ্গি পৃষ্ঠপোষকতার সাথে জামাত জড়িত বলে দেওয়া আবু হেনার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জামাতের আমীর এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী। সাংবাদিকদের তিনি বলেন, জামাত কখনোই জঙ্গি তৎপরতাকে সমর্থন করে না।
তিনি বলেন, আবু হেনার এলাকা থেকেই বাংলা ভাইয়ের উৎপত্তি। কিন্তু তিনি তো সে সময় কোনো কথা বলেননি। এখন নিজের ব্যর্থতা ঢাকতে তিনি অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। আমরা তার কাছে থেকে এটা আশা করিনি।
এদিকে সাংসদ আবু হেনা আরো বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ, অসাদাচরণ ও ভাবমুর্তি নষ্টের অভিযোগে আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। কিন্তু আমি তো দলের বিরুদ্ধে কিছু বলিনি।
তাকে গ্রেপ্তার করা হতে পারে নগরীতে এমন গুজব ছড়িয়ে পড়ার ব্যাপারে তার মন্তব্য জানাতে চাইলে তিনি বলেন, আমি অপরাধী নই। তাই গ্রেপ্তারের ভয়ে আমি ভীতও নই।
