২১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, ১৭ ডিসেম্বর শোভাযাত্রা
ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আহ্বান করা হয়েছে।
এ ছাড়াও বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বের ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করবে।
শুক্রবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বেইলি রোডের সরকারি বাসভবনে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলী, ঢাকা মহানগর বিএনপি, ঢাকা থেকে নির্বাচিত সাংসদরা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন।
উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক রহমান, মির্জা আব্বাস, বেগম সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভী আহমেদ এবং ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ।
পরে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া ব্রিফিংয়ে ওই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৬ ডিসেম্বর দেশব্যাপী জেলা পর্যায়ে সভা--সমাবেশ ও মিছিল এবং ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশ, ১২ ডিসেম্বর দেশব্যাপী থানা পর্যায়ে সমাবেশ ও মিছিল এবং ২১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুস্পস্তবক অর্পণ, ১৫ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা, ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ এবং ১৭ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা।
এসব কর্মসূচি সফল করতে যুগ্ম-মহাসচিব গয়েশ্বর রায়ের নেতৃত্বে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
