২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের নানা বিষয়ে সিইসির সঙ্গে ইসি মোহাম্মদ আলীর মতপার্থক্য

নির্বাচন কমিশন যথেষ্ট স্বাধীন, তাই স্বাধীন সচিবালয়ের কোনো দরকার নেই, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজের এ বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) একে মোহাম্মদ আলী। তিনি একই সঙ্গে সিইসির অন্যান্য বিষয়ে ভিন্নমত পোষণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মোহাম্মদ আলী বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের কোনো বিকল্প নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুরো জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে।

শুক্রবার বিডিনিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি মোহাম্মদ আলী বলেন, বর্তমানে নির্বাচন ব্যবস্থাপনা ও পদ্ধতি কমিশনের ওপর অনেকটা নির্ভরশীল। সব কাজে তাদের হাত থাকে। কোনো অভিযোগ উঠলে তার দায়ভার বহন করতে হয় নির্বাচন কমিশনকেই।

তিনি বলেন, সচিবালয়কে নির্বাচন কমিশনের অধীনে আনা উচিত। কমিশনের অর্থনৈতিক স্বাধীনতাও থাকা উচিত।

তিনি আরো বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ব্যালট বাক্সে আগেই ব্যালট ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে।  এজন্য তদন্ত করতে হলেও তা দেখবে ইসি সচিবালয়। কারণ ছাপানো ব্যালট পেপারের হিসাব রয়েছে ইসি সচিবালয়ে। কমিশন সচিবালয় প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনে বলে কোনো কাজই স্বাধীন ভাবে করা যায় না, প্রধানমন্ত্রীর সচিবালয়ের ওপর নির্ভর করতে হয়।

মোহাম্মাদ আলী বলেন, নতুন ভোটার তালিকা প্রণয়নে আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। সিইসি নিজের মতো করে নতুন ভোটার তালিকার কাজ শুরু করছেন। কিন্তু সংবিধানে আছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

তিনি বলেন, সিইসি প্রথমদিকে ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে আমাদের সঙ্গে একমত ছিলেন । কিন্তু তিনি একাই এখন চুড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন।