২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের ব্যতিক্রমী উদ্যোগ

সারাদেশে আওয়ামী লীগসহ ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কারের দাবিতে জোট সরকারেরর বিরুদ্ধে আন্দোলন করলেও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি নিয়েছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা আওয়ামী লীগ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২৯ নভেম্বর গলাচিপা যাওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যেই সরকার বিরোধী সকল মিছিল, সমাবেশ স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, ২৪ নভেম্বর গলাচিপায় হরতাল আহ্বান করা হলেও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তা প্রত্যাহার করা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইন নিজে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগ্রহ ব্যক্ত করেছেন। তিনি বলেন, তার এলাকা সফরের জন্যে তিনি অনেক আগেই প্রধানমন্ত্রীকে সরাসরি অনুরোধ জানিয়েছেন এবং চিঠিও দিয়েছেন।

আখম জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেলে তিনি অবশ্যই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত থাকবেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন সকল দল মতের উর্ধ্বে। এ নিয়ে রাজনীতি চলে না। 

বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান খান আন্দোলন কর্মসূচি স্থগিত করে প্রধানমন্ত্রীর সফর কর্মসূচিতে সহায়তার জন্যে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।