২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা জামালের সুচিকিৎসা ও মুক্তি দাবি করেছেন জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি খুলনা জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামালকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ গ্রেপ্তার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

শুক্রবার এক বিবৃতিতে তিনি অসুস্থ জামালের চিকিৎসা, মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি দাবি করেন।

আব্দুল জলিল ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, জোট সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের বিশেষ বাহিনী র‌্যাব দিয়ে তাকে গ্রেপ্তার ও নির্যাতন করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশের বর্বর নির্যাতনের শিকার হয়ে বর্তমানে সে কারাগারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অথচ সরকার তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছে না।

তিনি জরুরি ভিত্তিতে যুবলীগ নেতার সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

যুবলীগ সভাপতি জামাল ছাড়াও যুবলীগ নেতা বাবুল মজুমদার ও এনামুল হক বাবুকে র‌্যাব গত ১৫ নভেম্বর খুলনার ফুলতলা থেকে গ্রেফতার করে। পরদিন বাবুল ও বাবু ‘ক্রস ফায়ারে’ নিহত হয়।