২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ দফা নয়, সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আলোচনা হবে সংসদের বাইরে; মান্নান ভুঁইয়ার বক্তব্য বিভ্রান্তিকর: আব্দুল জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়নে সংসদের বাইরে আলোচনা হতে হবে। বাইরের আলাপ আলোচনার পর ঐকমত্যে পৌঁছলেই কেবল আইন পাশ করতে আমরা সংসদে গিয়ে সহায়তা করতে পারি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার বক্তব্যকে বিভ্রান্তিকর ও ছলচাতুরিপূর্ণ আখ্যায়িত করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে তিনি কোনও প্রস্তাব দেননি। তিনি বলেছেন, ১৪ দলের উত্থাপিত ২৩ দফা সম্পর্কে। কিন্তু এটি আমাদের দেশ পরিচালনার অঙ্গীকারনামা। এটি নিয়ে তো তাদের সঙ্গে আলাপ আলোচনার কিছু নেই।

তিনি বলেন, সরকারের সঙ্গে আলাপের বিষয় আছে একটিই। আর তা হলো তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার। এ দাবি নিয়ে কথা হতে পারে শুধু সংসদের বাইরে। সংসদে গিয়ে আমরা প্রস্তাব দেব না। বাইরে আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যের সিদ্ধান্ত বাস্তবায়ন, অর্থাৎ এর সাংবিধানিক রূপ দিতে আমরা সংসদে যেতে পারি।

ধুম্রজাল সৃষ্টি করে দেশের মানুষকে বিভ্রান্ত করতেই মান্নান ভুঁইয়া এমন কথা বলেছেন বলে আব্দুল জলিল অভিযোগ করেন। 

বিএনপি মহাসচিব বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলের উদ্দেশে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার সংস্কার ছাড়া অন্য যেকোনও দাবি নিয়ে সংসদে আসুন। আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যাবে।’ সংসদের বাইরেও আলোচনা হতে পারে বলে তিনি উল্লেখ করেছিলেন।