২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর বিএনপির দ্বিধা বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে

চট্টগ্রামের লালদিঘী ময়দানে মঙ্গলবার বিএনপির জনসভা মীর নাছিরের সমর্থকদের বর্জনের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির দ্বিধাবিভক্তি আবারো স্পষ্ট হয়ে উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

দেশব্যাপী একের পর এক বোমা হামলা, আতংক ছড়ানো এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান সমর্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি এ জনসভা আহবান করে।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ওয়াহিদুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু সুফিয়ান, ডা. সাহাদাত হোসেন এবং এফএইচ খান ফজু।

বিএনপি সূত্র জানিয়েছে, আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের কর্মসূচির পাণ্টা কর্মসূচি হিসেবে এ জনসভা আহবান করা হলেও মূলত নোমান গ্র“পের শক্তিমত্তা প্রদর্শনই ছিলো এর মূল উদ্দেশ্য।

সূত্র আরো জানায়, মীর নাসির সমর্থকদের এ জনসভায় আমন্ত্রণ জানানো হয়নি।

মীর নাসির সমর্থকদের বাদ দিয়ে নগর আহবায়ক কমিটির তিন সদস্য-- নোমান, খসরু ও ওয়াহিদ একই মঞ্চে জনসভা করায় নগর বিএনপির দ্বিধা বিভক্তি আরেক দফা স্পষ্ট হয়ে উঠেছে বলে মীর নাসির সমর্থক একজন নেতা মন্তব্য করেছেন।

নোমান গ্র“পের আজকের কর্মসূচির পাল্টা হিসেবে মীর নাসিরকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তার সমর্থকরা সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে।