অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট: যাত্রী-শ্রমিকদের উপর হামলা, যানবাহন ভাংচুর, মানুষের অবর্ণনীয় দুর্ভোগ
সরকার সমর্থক পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে সোমবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে নগরবাসীসহ সারাদেশের যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দেশব্যাপী এ অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেন। তবে ফেডারেশনের পক্ষ থেকে ধর্মঘট আহ্বানের কথা অস্বীকার করা হয়েছে। ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান একজন বিএনপি সমর্থক পরিবহন শ্রমিক নেতা। তিনিই এ ধর্মঘট ডেকেছেন বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।
ধর্মঘট চলাকালে ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, মিরপুর, মহাখালী, গাবতলীসহ বিভিন্ন স্থানে এবং ঢাকার বাইরে গাজীপুর, দিনাজপুর, রংপুর ও নওগাঁয় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী ও পরিবহন শ্রমিক আহত হয়েছেন। এছাড়াও এসব স্থানে যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে।
সরকারি দলের কর্মীদের হামলার আশংকা নিয়েও হাজার হাজার যাত্রীকে বাস টার্মিনালগুলোতে অপেক্ষা করতে দেখা যায়।
সূত্র জানায়, মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠেয় ১৪ দলের মহাসমাবেশে লোক সমাগম ঠেকাতেই সরকার এ ব্যবস্থা নিয়েছে। এতে ঢাকার মধ্যে চলাচলকারী এবং আন্তজেলা রুটের যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
যাত্রীরা সকালে বাস স্টপেজ ও টার্মিনালগুলোতে গিয়ে দেখেন পূর্ব ঘোষণা ছাড়াই কাউন্টারগুলো বন্ধ এবং সেখানে কোনও বাস নেই।
সকালে অফিসে যাওয়ার প্রাক্কালে এবং বিকালে ফেরার পথে প্রতিটি বাস স্টপেজে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।
তবে নগণ্য সংখ্যক যেসব পাবলিক বাস রাস্তায় বের হয়েছিল, সেসব বাসের যাত্রী ও শ্রমিকদের উপর ক্ষমতাসীন দলের শ্রমিকরা পুলিশের সহায়তায় হামলা চালায়।
এছাড়াও তারা ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, মিরপুর, বাংলামটরসহ বেশ কিছু স্থানে কমপক্ষে ২০টি যানবাহন ভাংচুর করে।
যাত্রীদের দুর্ভোগ দেখে কিছু কোম্পানির বাস চলাচলের উদ্যোগ নিয়েছিল। কিছু পুলিশ সদস্য ও বিএনপি সমর্থিত শ্রমিকরা তাদের হুমকি দিতে দেখা যায়।
এদিকে সোমবার ঢাকা থেকে আন্তঃজেলার রুটের কোনও বাস ছেড়ে যায়নি। নগরীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস স্টেশনে গিয়ে যাত্রীদেরকে ধর্মঘটের ব্যাপারে খোঁজ খবর নিতে দেখা যায়।
বিএনপি সমর্থক পরিবহন শ্রমিকরা গাবতলীর কাছে বাস চলাচলে বাধা দেয়। অনেক পরিবহন শ্রমিকরা অভিযোগ করেন, একটি গোষ্ঠী তাদের মালিকদের বাস না চালানোর জন্যে চাপ দেয়। এর ফলে ঢাকার সাথে টঙ্গী, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী, গোপালগঞ্জ, গাইবান্ধা, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ বেশি কয়েকটি জেলার যোগাযোগ বন্ধ ছিল।
এদিকে পুলিশ কুমিল্লার হোমনায় ঢাকাগামী দুটি লঞ্চকে আটকে দেয়। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে পুলিশ সদস্যরা জানান, তারা কেবল উপর মহলের নির্দেশ পালন করেছেন।
কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কর্মচারি টিপু সুলতান বিডিনিউজকে বলেন, রোববার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে ধর্মঘট সম্পর্কিত মাইকিং শুনে তারা তাদের বাস চলাচল বন্ধ রেখেছেন।
টিপু সুলতান বলেন, আমরা সরকার বা কোনও সমিতির পক্ষ থেকে ধর্মঘটের আনুষ্ঠানিক নির্দেশ পাননি। হামলা ও হয়রানি এড়াতেই আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শাহজাহান খান এমপি বলেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সংগঠনের অন্য নেতাদের সাথে আলোচনা না করেই এ ধর্মঘট ডেকেছেন।
তিনি বলেন, ধর্মঘট আহ্বানের ব্যাপারে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তবে এ ব্যাপারে তিনি কোনও উত্তর দিতে পারেননি। বিরোধী দলের মহাসমাবেশ বানচাল করতে সরকারের নির্দেশেই হাবিবুর রহমান এ ধর্মঘট ডেকেছেন।
শাহাজাহান খান বলেন, মুজিবুর রহমানকে গ্রেপ্তারের ঘটনাও ২২ নভেম্বরের মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে লোকজনের ঢাকায় আগমন ঠেকাতে পূর্বপরিকল্পনার অংশ।
মুজিবুর রহমানকে গ্রেপ্তার ও পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা ছাড়াই ধর্মঘট আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা রাজনীতির দাবার গুটি হতে চাই না।
এদিকে বিটিভির সংবাদে হাবিবুর রহমানের দেওয়া বক্তব্য প্রচার করা হয়েছে। তাতে তিনি বলেছেন, কোনও কারণ ছাড়াই র্যাব সদস্যরা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
পরিবহন নেতৃবৃন্দ বলেন, সরকারি টেলিভিশন বিটিভি যখন রোববারের রাতের সংবাদে মুজিবুর রহমানের সাক্ষাৎকারসহ ধর্মঘটের সংবাদ প্রচার করে তখন এটি বুঝতে আর বাকি থাকে না যে, পূর্বপরিকল্পিতভাবেই বিএনপি পরিবহন ধর্মঘট ডেকেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, মহাসমাবেশে যাতে লোকজন আসতে না পারে সেজন্যে পরিকল্পিতভাবেই মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
