২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধ ও বৃহস্পতিবার সারা দেশে লাগাতার হরতালের সিদ্ধান্ত নিয়েছে আ.লীগ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ২৩ থেকে ২৪ নভেম্বর সারা দেশে ৪৮ ঘন্টার লাগাতার হরতালের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সোমবার অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ধানমণ্ডির সুধাসদনে অনুষ্ঠিত এ সভায় মঙ্গলবারের মহাসমাবেশকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে সভা সূত্র বিডিনিউজকে জানায়।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি অপেক্ষমান সাংবাদিকদের জানান, ১৪ দলের মহাসমাবেশ বানচাল করতে সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার, অত্যাচার--নির্যাতন, মিথ্যা মামলা দায়ের ও বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এছাড়া সমাবেশে আসতে বাধাদান এবং এক পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের পাতানো খেলাকে কেন্দ্র করে সরকার নিজেই দেশব্যাপী পরিবহন ধর্মঘট ডাকার মতো ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে সারা দেশে অচলাবস্থা ও জনজীবনে ভোগান্তি সৃষ্টি করেছে।

তিনি জানান, এর প্রতিবাদে আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সভায় সারা দেশে ২৩ নভেম্বর বুধবার থেকে ২৪ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ লাগাতার ঘন্টা হরতালের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টায় সুধাসদনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম আবারও বৈঠকে বসবে।

এদিকে আওয়ামী লীগসহ ১৪ দল সোমবার একাধিক বৈঠকে মিলিত হয়। মঙ্গলবার সকালে আবারও ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হবে।