১৪ দলের মহাসমাবেশ: ৬ স্তরের নিরাপত্তা বলয়, মোতায়েন থাকবে ২০,০০০ নিরাপত্তা কর্মী, পল্টন মাঠের গ্রাউণ্ড টেষ্ট
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ২২ নভেম্বরের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে সরকার। যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পল্টন ময়দান ও এর আশপাশে জনসমাগমস্থলে নেওয়া হবে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। নিয়োজিত থাকবে বিশ সহস্রাধিক নিরাপত্তা কর্মী। শুধুমাত্র পল্টন ময়দানেই থাকবে নিরাপত্তা বাহিনীর চার হাজার সদস্য। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার পাশ্ববর্তী জেলাগুলো থেকে ঢাকায় আসছে ছয় হাজার পুলিশ। এছাড়াও এ সমাবেশকে ঘিরে পর্যাপ্ত সংখ্যক র্যাব, বিডিআর, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে। আকাশে থাকবে হেলিকপ্টার। রাজধানীর সকল প্রবেশ মুখ ও পল্টন ময়দান অভিমুখে পথে পথে থাকবে বিশেষ চেকিং। থাকবে নিরাপত্তা টহল দল। পল্টন ময়দান অভিমুখি সকলকেই তল্লাশির মুখোমুখি হতে হবে।
পুলিশ সূত্র জানায়, পল্টন ময়দান এবং এর আশপাশের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা বলয়। এছাড়া যে কোন ধরণের নাশকতা এড়াতে রাজধানীর সকল গুরুত্বপূর্ণ ভবন ও এলাকায় নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা ব্যবস্থা।
রোববার মহাসমাবেশস্থল পল্টন ময়দানের ‘গ্রাউণ্ড টেষ্ট’ করা হয়েছে। পুলিশের বিশেষ দল এক্সপ্লোসিভ ডিটেক্টর ডিভাইস এবং রোলার দিয়ে বোমা বা অন্য কোনো ক্ষতিকারক বস্তু রাখা আছে কিনা তা পরীক্ষা করে। র্যাবের ডগ স্কোয়াড দিয়েও পরীক্ষা চালানো চালানো হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত এ ধরণের পরীক্ষা চলবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, সরকার সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশের আইজি আবদুল কাইয়ুম বিডিনিউজকে বলেছেন, সরকার নির্বিঘœভাবে সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়েছে। এজন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হবে।
তিনি বলেন, আমরা এমন নিরাপত্তা গ্রহণ করব, যাতে যে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি মোকাবেলা করা যায়। তিনি আরও বলেন, নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, বিডিআর, পুলিশ এপিবিএন, আনসার ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত ফোর্সকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
আইজি বলেন, অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই নগরীর পাশ্ববর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন লোকদের তল্লাশি শুরু করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা জোরদার করার জন্যে দরকার হলে হেলিকপ্টার নিয়ে আকাশপথে টহল দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে বলেন, পুলিশকে ঢাকার বাইরে থেকে আসা লোকজনের ওপর কঠোর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা অস্ত্র বা বিস্ফোরক বহন করে ঢাকায় নিয়ে আসতে না পারে।
ঢাকা মহানগর পুলিশ ইতোমধ্যে ২২ নভেম্বর ঢাকায় কোন মিছিল বা সমাবেশে লাঠি বা অন্য কোন ক্ষতিকর দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন রয়েছে।
সূত্র জানায়, বাইরে থেকে আসা অতিরিক্ত পুলিশ সদস্যদের থাকার জন্য রাজারবাগ পুলিশ লাইন ও মিরপুর পুলিশ স্টাফ কলেজের দাঙ্গা দমন বিভাগ কার্যালয়ে ক্যাম্প স্থাপন করা হয়েছে।
