পদত্যাগ করে রণে ভঙ্গ দিতে চাইনা: অ্যাডভোকেট হামিদ
বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, সংসদ থেকে পদত্যাগ করে আমরা ’রণে ভঙ্গ’ দিতে চাইনা। আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করছি। তবে যেখানে আমাদের কথা বলতে দেওয়া হয়না, সেখানে আমরা ফিরে যাবো না।
জাতীয় সংসদে রোববার তার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় দলীয় সাংসদ মোতাহার হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী এবং আব্দুল হাই উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, স্পিকার বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে আমার সাথে যোগাযোগ করেছেন। তাকে আমাদের কথা জানিয়ে দিয়েছি। তাকে জানানো হয়েছে, যেখানে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না, সেখানে আমরা যাবো না। কিন্তু সংসদে তিনি এ কথা না বলে তার নিরপেক্ষতা হারিয়েছেন।
তিনি বলেন, স্পিকার কার্যপ্রণালী বিধি লংঘন করে সংসদ চালাচ্ছেন। তিনি আজও প্রশ্নোত্তর পর্বের আগে সার্কের গুণকীর্তন করার জন্যে অর্থমন্ত্রীকে সংসদে ফ্লোর দিয়েছেন।
সার্কের মাধ্যমে দেশের মানুষের কোনও উপকার হয়নি, অর্থের অপচয় হয়েছে মাত্র। বিরোধী দলীয় উপনেতা বলেন, সরকার চায় তাদের আজ্ঞাবহ বিরোধী দল। তারা লুটপাট করবে, আর আজ্ঞাবহদের ছিটে--ফোঁটা দেবে। তাই তারা বর্তমান বিরোধী দল ও দেশের সাধারণ মানুষকে মানুষ মনে করছে না। গোটা দেশের মতো তারা সংসদকেও ধ্বংস করতে চায়।
তিনি বলেন, কড়া নিরাপত্তার নামে কার্ফ্যু দিয়ে সার্ক সম্মেলন করে সরকার দেশে আইন--শৃঙ্খলার উন্নয়নের দাবি করছে। অথচ আমন্ত্রিত অতিথিদের দেশ ত্যাগের আগেই ঝালকাঠিতে দুই বিচারককে বোমা মেরে হত্যা করা হয়েছে। এতেই দেশের প্রকৃত অবস্থা ফুটে উঠেছে।
