২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশে বাধা দিলে সারা দেশ অচল করার ঘোষণা দিয়েছে ১৪ দল

রাজধানীর পল্টনে ২২ নভেম্বরের মহাসমাবেশে আসতে বাধা দেওয়া হলে সারা দেশ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে ১৪ দল। যে কোনও ধরনের বাধার প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতা কর্মীদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

রোববার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, মহাসমাবেশ বানচালের অপচেষ্টা করা হলে এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও ঘটনার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি নেতা কর্মীদের বলেন, ‘চল চল ঢাকা চল’ স্লোগানে সকল বাধা উপেক্ষা করে যে কোনওভাবে হোক আপনারা ঢাকায় মহাসমাবেশে যোগ দিন। যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আগে ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত সভায় বসেন।

আব্দুল জলিল ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরি সভাপতি মইন উদ্দিন খান বাদল, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, গণতন্ত্রী পার্টি সভাপতি নুরুল ইসলাম, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং ১১ দলের সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুর রহমানসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আব্দুল জলিল বলেন, বিএনপি--জামাত জোট সরকার মহাসমাবেশ বানচালের বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছে। প্রশাসনকে ব্যবহার করে নির্লজ্জভাবে ন্যক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করছে ক্ষমতাসীন জোট। সারা দেশে বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের ও বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির হয়রানি, মহাসমাবেশে যোগ না দেওয়ার জন্যে হুমকি দেওয়া হচ্ছে। ঢাকায় হোটেলে হোটেলে তল্লাশির নামে করা হচ্ছে হয়রানি।

তিনি জানান, মহাসমাবেশকে সামনে রেখে সারা দেশ থেকে বিরোধী দলের চার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ যেন ঢাকায় আসতে না পারে সেজন্য ডিসি, এসপি, ইউএনও, ওসিসহ প্রশাসনের কর্মকর্তারা বাস মালিক ও শ্রমিকদের ডেকে নিয়ে গাড়ি না চালানোর জন্যে হুমকি ও নির্দেশ দিচ্ছে।

আব্দুল জলিল জানান, উত্তরবঙ্গ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে উচ্চ মহল থেকে তাকে বলা হয়েছে, ‘লাগাতার হরতাল দাও, যেন কোনও গাড়ি চলতে না পারে’।

সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশে বলা হয়, মানুষের ঢাকায় আসার পথ আটকানোর চেষ্টা করা হলে সরকারের সকল পথ বন্ধ করে দেওয়া হবে।