২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তু লারমা পাহাড়ে জমির বেআইনী বন্দোবস্তি বাতিলের দাবি জানিয়েছেন

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতর সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা পাহাড়ে বেআইনীভাবে দেওয়া জমির বন্দোবস্তি বাতিল করার দাবি জানিয়েছেন। তিনি একই সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের জন্যে সরকারের প্রতি তাগাদা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা রোববার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ দাবি জানান। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, শান্তিচুক্তির প্রায় আট বছর পরেও পার্বত্য ভূমি কমিশন এখনও সক্রিয় না হওয়ায় পাহাড়ে জমির বিরোধ বাড়ছে বলে পাহাড়ি নেতা বৈঠকে অভিমত জানান। তিনি ভূমির বন্দোবস্তি প্রদানে একটি প্রবিধান তৈরির বিষয়েও সরকারের প্রতি আহবান পুনর্ব্যক্ত করেন।

জানা যায়, বৈঠকে দু’পক্ষই মতৈক্যে পৌঁছে, পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠান, শ্মশান ও কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জমি বন্দোবস্তি দেওয়ার জন্যে আঞ্চলিক পরিষদের পরামর্শক্রমে জেলা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজকে জানান, একটি কার্যকর প্রবিধানের অভাবে পাহাড়ে জমির বন্দোবস্তি দেওয়ার ক্ষেত্রে জটিলতা হচ্ছে। তিনি অবশ্য বলেন, জোট সরকার গত চার বছরে পাহাড়ে বেআইনীভাবে কোনও জমির বন্দোবস্ত দেয়নি।