সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের দাওয়াত পৌঁছেছে শেখ হাসিনার কাছে, অনুষ্ঠানকে দলীয় না করার পরামর্শ
আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের আমন্ত্রনপত্র জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে কমোডর আজাদ সুধাসদনে তার সঙ্গে দেখা করে এ আমন্ত্রণপত্র দিয়ে আসেন।
এদিকে সশস্ত্র বাহিনী দিসের অনুষ্ঠানমালাকে দলীয় কিংবা ক্ষমতাসীন সরকারের অনুষ্ঠানে পরিনত না করে প্রকৃত অর্থে তা ‘সশস্ত্র বাহিনীর নিজস্ব অনুষ্ঠান’ হিসেবে আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে বিরোধী শিবির থেকে। এমন একটি অনুষ্ঠানে বিরোধী দলকে আক্রমণ করে কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়া এবং গত কয়েক বছরের প্রচলিত আসন বিন্যাস পরিবর্তন করে সবার জন্য মর্যাদাপূর্ণ আসন বিন্যাস করা প্রয়োজন বলেও তারা মনে করেন।
বিরোধী দলীয় নেতাদের মতে, সশস্ত্র বাহিনী কোনো দল বা সরকারের নয়। এটি সমগ্র জাতির সম্পদ। তাই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এ দিবসের অনুষ্ঠানমালা সরকার দলীয়দের অনুষ্ঠানে পরিনত হলে তা হবে জাতির জন্য অবমাননাকর।
সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা কম। তবে বিরোধী দলের অন্যান্য নেতা ও সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা অনুষ্ঠানে যেতে পারেন।
