২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার মওলানা ভাসানীর ২৯তম মৃত্যুবার্ষিকী

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হবে বৃহস্পতিবার। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

নিপীড়িত মানুষের পক্ষে লড়াইকারি মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষমতাসীন বিএনপি এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি যৌথভাবে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ। এজন্যে বিএনপি নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকাল ৮টায় টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন।

পরবর্তীতে বেলা ১১টায় মাজার প্রাঙ্গণে মওলানা ভাসানীকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।

এছাড়াও শুক্রবার বিকেল ৩টায় মতিঝিলের ওয়াপদা মিলনায়তনে দরিদ্রদের পক্ষে ভাসানীর রাজনৈতিক সংগ্রাম শীর্ষক একটি স্মরণ সভার আয়োজন করবে বিএনপি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এ সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন।

সভায় সভাপতিত্ব করবেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম। জাতীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, মওলানা ভাসানী ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাকে ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন বলেন, সকল শোষণ বঞ্চনার বিরুদ্ধে মওলানা ভাসানী তার জীবনের শেষ পর্যন্ত লড়াই করে গেছেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেন, উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মওলানা ভাসানী দিশারীর ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, তার আজন্ম লালিত স্বপ্ন ছিলো শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। অন্যায় ও অনাচারের বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকা তাকে মজলুম জননেতা হিসেবে বিশ্বব্যপী খ্যাতি এনে দিয়েছে বলে তিনি তার বাণীতে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মহান এই নেতার জীবনী থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিডিনিউজের টাঙ্গাইল প্রতিনিধি জানান, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদাযাপন উপলক্ষে জেলা বিএনপি, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ (ভাসানী), ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে, ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, কাঙ্গালি ভোজ, আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন।

ভাসানীর মাজারের প্রবেশ পথে বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই ৩০টি বর্ণাঢ্য তোরণ নির্মান করেছে। এছাড়াও হাজার হাজার ভাসানী সমর্থক তাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলের সন্তোষে হাজির হয়েছেন।