জামায়াতকে দায়ী করায় নীলফামারীতে আইনজীবীদের প্রতিবাদ সভা ভণ্ডুল
আইনজীবীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে মারমুখী অবস্থান নেওয়ায় বুধবার নীলফামারীতে ঝালকাঠির দুই বিচারক হত্যার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভা ভণ্ডুল হয়ে গেছে।
হত্যাকাণ্ডের জন্য জেএমবি ও জামায়াতকে দায়ী করে বক্তৃতা দেওয়ায় তুমুল হট্টোগোলের মধ্য দিয়ে নীলফামারী আইনজীবী সমিতি আয়োজিত সভাটি ভণ্ডুল হয়ে যায়।
জানা গেছে, বেলা সাড়ে এগারোটায় সমিতির সভাকক্ষে প্রতিবাদ সভা শুরু হলে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ সমর্থক অ্যাড. মমতাজুল হক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট ও গ্রেফতারকৃত জঙ্গিদের রেকর্ডকৃত জবানবন্দির কথা উল্লে¬খ করে ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেন।
অ্যাড. মমতাজুল হকের এ বক্তব্যের সাথে সাথে জেলা বিএনপির সভাপতি অ্যাড. আনিসুল আরেফিন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আমানুল¬াহ এবং জামায়াত নেতা শহীদুল ইসলাম শাহসহ কয়েকজন আইনজীবী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তীব্র ভাষায় প্রতিবাদ জানান।
এ সময় মাইক বন্ধ করে দেওয়া হলে সরকার বিরোধী আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আজিজুল হাসান তারাতারি করে প্রতিবাদ সভা শেষ করে দেন। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হলেও সরকার সমর্থক গুটিকয় আইনজীবী ছাড়া অন্যান্যরা মিছিল বর্জন করেন।
আইনজীবী সমন্বয় পরিষদ নেতারা জানান, আইনজীবী সমিতি কোনও দলের নয়। কিন্তু বিএনপি-জামায়াত সমর্থক কয়েকজন আইনজীবী তাদের স্বভাবসুলভ আচরণের মাধ্যমে সমিতিকে দলীয়করণের অপচেষ্টা চালাচ্ছে।
এদিকে সরকার সমর্থক আইনজীবীরা জানিয়েছেন, অ্যাড. মমতাজুল হক হত্যাকাণ্ডের জন্য সরাসরি জামায়াতকে দায়ী করে বক্তৃতা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
