মঙ্গাসহ উদ্ভূত পরিস্থিতির কারণে তিউনিসের ওয়ার্ল্ড সামিটে যাচ্ছেন না শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অনুষ্ঠেয় ইউএন ওয়ার্ল্ড সামিটে যোগ দিচ্ছেন না। তিন দিনের আন্তর্জাতিক এ সম্মেলন বুধবার থেকে শুরু হচ্ছে।
দলীয় সূত্র মঙ্গলবার বিডিনিউজকে জানায়, উত্তরবঙ্গে মঙ্গা তথা দুর্ভিক্ষাবস্থা এবং সোমবার ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে দু’জন বিচাররককে হত্যা ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি ইউএন ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি’র এ অনুষ্ঠানে যাচ্ছেন না।
সূত্র জানায়, ২০০৩ সালে জেনেভায় অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম পর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আমন্ত্রিত হয়েছিলেন। এ অনুষ্ঠানে ‘ইনফরমেশন টেকনোলজি ফর পিস অ্যাণ্ড মিডিয়া’ এবং ‘ওম্যান ডেভেলপমেন্ট’ শীর্ষক দু’টি বিষয়ের ওপর তার বক্তব্য রাখার কথা ছিল। বিশ্বের শতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
সূত্র জানায়, আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. হাসান মাহমুদ বিরোধী দলীয় নেতার পক্ষে এ সম্মেলনে যোগ দিচ্ছেন। তিনি শেখ হাসিনার পাঠানো বার্তা নিয়ে মঙ্গলবার রাতে তিউনিসের উদ্দেশে যাত্রা করেছেন।
