বিশ্বব্যাংক কর্মকর্তার সঙ্গে হাসিনার বৈঠক: নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা কামনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ও ঐকমত্য কামনা করেছেন।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেলের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে তিনি বলেছেন, সুশাসন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সুশাসনের জন্যে জবাবদিহিতার কোনো বিকল্প নেই। নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু না হলে সেই সরকারের জবাবদিহিতা থাকে না।
শেখ হাসিনার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে প্রায় সোয়া ঘন্টাব্যাপী এ বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক উন্নয়ন সহযোগিতা এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
দারিদ্র্যবিমোচন কৌশলপত্র (পিআরএসপি) বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মঙ্গলবার দুপুরে তিনি বিরোধী দলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তার সাথে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীর এবং আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রফুল সি প্যাটেল সাংবাদিকদের জানান, তিন দিনের সফরে বাংলাদেশে আসায় তিনি বিরোধী নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন।
বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জানান, পিআরএসপি বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকের আলোচ্যসূচি নিয়ে বিরোধী নেতার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দেশের বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিরোধী দলীয় নেতা বিশ্বব্যাংকের উন্নয়ন এজেন্ডাকে সমর্থন করেছেন।
তিনি বলেন, দারিদ্র্যবিমোচনে সরকারের গৃহীত কৌশল একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই এ সকল কর্মসূচির ধারাবাহিকতা দরকার। দেশের সার্বিক উন্নয়নে অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
পরে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, বিরোধী দলীয় নেতা বিশ্বব্যাংক কর্মকর্তাকে জানিয়েছেন, দারিদ্র্যবিমোচন ও উন্নয়ন কৌশল থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করা যায়না। দাতারা উন্নয়নে সহায়তা করবে। কিন্তু দেশের উন্নয়ন নির্ভর করে শাসন ব্যবস্থার ওপর।
গত চার বছরের অভিজ্ঞতা বর্ণনা করে শেখ হাসিনা বলেন, সুশাসন ও সরকারের জবাবদিহিতার জন্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর এজন্যে আগামী নির্বাচন হবে দেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
