দেশে ফিরে গেছেন ঢাকায় আগত সার্ক নেতাদের সকলেই
সার্ক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসা সকল সার্ক নেতারা ঢাকা ত্যাগ করেছেন। সর্বশেষ সোমবার বেলা ১টায় ঢাকা ছাড়েন ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো স্যাঙ্গেই নেগদুপ।
এর আগে সোমবার বেলা ১২টায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর ছাড়া ছাড়েন নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহ দেব।
রোববার রাতে ঢাকা ত্যাগ করেন পর্যায়ক্রমে শ্রীংলকার রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম।
রোববার রাত সাড়ে ১১টায় মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানযোগে নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
এর আগে রোববার বিকেলে সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ না দিয়েই শ্রীলংকার রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা ঢাকা ত্যাগ করেন। শ্রীলংকার নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় বেলা আড়াইটায় একটি বিশেষ বিমানযোগে তিনি দেশের উদ্দেশে যাত্রা করেন।
পরে সন্ধ্যা সোয়া ৭টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ নিজ দেশের উদ্দেশে ঢাকা ছাড়েন। পাকিস্তানের একটি বিশেষ বিমান তাকে নিয়ে যায়। রাত ৮টা ৩৫ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং একটি বিশেষ বিমানে করে ঢাকা ছাড়েন।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ক নেতাদের বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান।
