বিরোধী দলীয় নেত্রীর সফরকে কেন্দ্র করে নীলফামারীতে অস্থির পরিস্থিতি
নীলফামারীতে শেখ হাসিনাকে অপদস্থ করার চেষ্টা, রেস্ট হাউস দখল, প্রচার মিছিলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ঝাড়ু মিছিল ও হুমকি ধামকি দিয়ে শেখ হাসিনার সফর বাতিলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। গত কয়েক দিন ধরে শেখ হাসিনার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপি গ্রামে-গঞ্জে ব্যপক তৎপরতা চালিয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার নীলফামারী এলে সাধারণ মানুষের ছদ্মাবরণে তাদের দলীয় লোকজনকে শেখ হাসিনার সামনে ‘মঙ্গা নেই, আমরা সুখে আছি বা আমাদের নিয়ে রাজনীতি করবেন না’ জাতীয় কথা বলানোর জন্য গত কয়েক দিন ধরে গ্রামে গ্রামে গিয়ে নেতারা লোক সংগ্রহের চেষ্টা করেছেন। শেখ হাসিনার বৃহস্পতিবারের ডালিয়াস্থ তিস্তা কলেজ মাঠের জনসভাস্থলের পাশেই বুধবার ডিমলা উপজেলা বিএনপি সমাবেশ করে মঙ্গা নিয়ে শেখ হাসিনাকে রাজনীতি না করতে হুমকি দিয়েছে। জেলা সদরে ঝাড়ু মিছিল করেছে সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
ডালিয়ায় অবস্থানরত ডোমার-ডিমলার সাংসদ ড. হামিদা বানু শোভা অভিযোগ করেছেন, শেখ হাসিনার জনসভাস্থলের পাশে গতকাল বিপ্ল¬ব ও সংহতি দিবসের মিটিংয়ের নামে বিএনপি তাদের প্রচার মিছিলে বাঁধার সৃষ্টি করেছে। পাশাপাশি ডালিয়ার রেস্ট হাউস অবসরে আওয়ামী লীগের কোন নেতা যাতে রাত্রি যাপন করতে না পারে সে জন্য বুধবার বিকেলে হঠাৎ করেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী রেস্ট হাউসটি বুক করে নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় শেখ হাসিনার বৃহস্পতিবারের জনসভাস্থল জিরোপয়েন্ট মোড়ে বিএনপি জনসভা করে অওয়ামী লীগ সভানেত্রীকে অশালিন ভাষায় গালাগাল দিয়েছে।
এদিকে মঙ্গাপীড়িত নীলফামারীতে বৃহস্পতিবার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার আগমণকে কেন্দ্র করে জেলাজুড়ে সরকারী দল বিএনপি দমন-পীড়ন শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর। তিনি বলেন, দিনের পর দিন অভুক্ত থেকে যখন মানুষ মারা যাচ্ছে, অভাব সইতে না পেরে গলায় দড়ি দিয়ে মুক্তিযোদ্ধা আত্মহত্যা করছেন, যখন ঘরের বউ বিক্রি হয়ে যাচ্ছে, তখন সরকারি দল দুর্ভিক্ষ পীড়িত মানুষকে মুখ না খোলতে ভয় দেখিয়ে বেড়াচ্ছে।
শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে লালমনিরহাট থেকে ডিমলার ডালিয়ায় এসে প্রথমে তিস্তা কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন। এরপর জলঢাকা জিরোপয়েন্ট মোড় এবং নীলফামারী চৌরঙ্গী মোড়ে পথসভায় ভাষণ দেবেন।
মঙ্গার খবর লেখার দায়ে সাংবাদিকদের ঝাড়ু পেটার হুমকি দিয়েছেন বিএনপি নেতা
বুধবার প্রকাশ্য জনসভায় ঝাড়ু দেখিয়ে শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও সাংবাদিকদের ঝাড়ু পেটা করার হুমকি দিয়েছেন বিএনপির সদর উপজেলা কমিটির সভাপতি আলমগীর সরকার।
সমাবেশে সভাপতির বক্তৃতায় আলমগীর সরকার আরও বলেন, গত কয়েক দিন আমি গ্রামে গ্রামে ঘুরে কোথাও মঙ্গা খুঁজে পাইনি। গ্রামের মানুষ সুখে আছে। অথচ শেখ হাসিনা আর তার দালাল কিছূ সাংবাদিক বলছে অনাহারে মানুষ মারা যাচ্ছে।
তিনি বলেন, ’৭৪-এর দূর্ভিক্ষের প্রতিশোধ নিতে নীলফামারীর মানুষকে হেয় করার চেষ্টা করা হলে শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও দালাল সাংবাদিকদের ঝাড়ু পেটা করা হবে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আজ বৃহষ্পতিবারের মঙ্গাপীড়িত নীলফামারী সফর এবং বিবিসিতে ড. কামাল হোসেন ও সুরঞ্জিত সেনগুপ্তের মিথ্যাচারের প্রতিবাদে গতকাল নীলফামারী শহরের স্বাধীনতা অম্ল¬ান স্মৃতিস্তম্ভ পাদদেশে সমাবেশের এ সমাবেশের আয়োজন করা হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য বাড়িতে যোগাযোগ করা হলেও তিনি নেই বলে জানিয়ে দেয়া হয়। ঘটনার পর থেকে তিনি মোবাইল ফোনও বন্ধ রেখেছেন।
