২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ফ্যাশন শো’তে পরিণত হবে সার্ক সম্মেলন

চুক্তি বাস্তবায়নে সার্ক সদস্য রাষ্ট্রের মধ্যে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, অন্যথায় সার্ক সম্মেলন নিছক একটি ফ্যাশন শো বা আড়ম্বরপূর্ণ কোনও সভায় পরিণত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রতিষ্ঠার ২০ বছর পরে সার্ককে কার্যকর সংস্থায় পরিণত করতে না পারায় তারা সদস্য রাষ্ট্রসমূহের কঠোর সমালোচনা করেন। এজন্য তারা সদস্য রাষ্ট্রের অধীনে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না করার মানসিকতাকে দোষারোপ করেন।

নগরীর ব্রাক সেন্টারে বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ঢাকায় ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন: প্রেক্ষাপট, আলোচ্য বিষয় ও ফলাফল’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তরা একথা বলেন।

সার্কের সাবেক মহাসচিব রাষ্ট্রদূত একিউএম রহিম বলেন, সার্কের অতীতের বৈঠকগুলোতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু এ পর্যন্ত সেসবের খুব সামান্যই বাস্তবায়িত হয়েছে। তাছাড়া আলোচনার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে খুবই সামান্য।

তিনি বলেন, গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন ছাড়া এসব বৈঠকের কোনও মানে নেই। বরং তা সদস্য রাষ্ট্রসমূহের নেতাদের ফ্যাশন শো বা আড়ম্বপূর্ণ অংশগ্রহণে পরিণত হবে।

সার্ক এখনও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি উল্লেখ করে তিনি বলেন, স্বীকার করতে বাধা নেই যে সার্ক কেবল আঞ্চলিক সংস্থা নয়, এটি আন্তঃসরকার সংস্থাও। আর এটিই সার্কের মূল সমস্যা।

অতীতের সিদ্ধান্ত বাস্তবায়ন না করার জন্যে কঠোর সমালোচনা করে একিউএম রহিম বলেন, ১৯৯৭ সালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কিত সিদ্ধান্তে স্বাক্ষর করেও সার্কের কোনও সদস্য এটিকে আইনে পরিণত করতে পারেনি।

তিনি নাম সর্বস্ব সার্কের সমালোচনা করে বলেন, সিদ্ধান্ত বাস্তবায়ন বা মনিটর করার ক্ষেত্রে এর কোনও ক্ষমতাই নেই। এ কারণে সার্ক এখনও অকার্যকর সংস্থাই রয়ে গেছে।

একইভাবে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননও সার্কের সফলতার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন।

সার্ক ফ্যাশন শো ছাড়া আর কিছুই না উল্লেখ করে জাতীয় পার্টির নেতা জিএম কাদের বলেন, সার্ক সদস্য দেশগুলোর মধ্যে কোনও সমঝোতা ও সহযোগিতা নেই।

তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলো যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে না পারে তাহলে তারা এ অঞ্চলের মানুষের জন্যে কিছুই করতে পারবে না।

একই মনোভাব ব্যক্ত করে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতা কর্নেল ফারুক খান বলেন, এটি জনগণের মাঝে মিথ্যা আশা জাগানো ছাড়া আর কিছুই না।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেন, সার্ক জনগণের মনে বিশ্বাস স্থাপন করতে পারছে না।

আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত ফারুক সোবহান সার্ক দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে সদস্যর রাষ্ট্রসমূহের নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণে যেসব জটিলতা রয়েছে তা দূর করার ব্যাপারে মত প্রকাশ করেন। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যে তিনি সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সিপিডি’র নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য তার উদ্বোধনী বক্তব্যে সার্ক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার চিত্র তুলে ধরে বলেন, দক্ষিণ এশিয়ায় এ পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতার চিত্র খুবই হতাশাব্যঞ্জক।

এ অঞ্চলের দারিদ্র্য নিরসনে স্থায়ী আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়া বর্তমানে দারিদ্র্য ও সন্ত্রাসবাদ এ দু’টি বিষয়ে জর্জরিত। আর এ দু’টি বিষয়ের বিরুদ্ধে লড়াই করতে আঞ্চলিক সহযোগিতা অত্যাবশ্যক।

তাছাড়া চুক্তি বাস্তবায়ন এবং সার্ককে সফল করার লক্ষ্যে দেশের ভেতরেও সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এটি স্বীকার করে পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান বলেন, আমাদের আন্তঃআঞ্চলিক বাণিজ্য খুবই কম এবং এ ব্যাপারে যেসব বাধা রয়েছে এখনও আমরা তা দূর করতে পারিনি। এ কারণে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ব্যাহত হচ্ছে।

আলোচনা সভায় মূল বক্তব্য পাঠ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সার্ক সম্মেলনের প্রধান সমন্বয়ক রিয়াজ রহমান।

অধ্যাপক ড. মুহম্মদ ইউনুসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, মানুষের জন্য’র শাহীন আনাম, সংসদ সদস্য সরদার আমজাদ হোসেন, তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া এ রহমান, নাট্যকার মামুনর রশিদ, সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমেদ চৌধুরী আলোচনায় অংশ নেন।