২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশ সফল করতে ঢাকার পার্শ্ববর্তী ১২ জেলার ১৪ দলীয় নেতাদের সঙ্গে কেন্দ্রের বৈঠক সোমবার

ঢাকায় ২২ নভেম্বর অনুষ্ঠেয় মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগসহ ১৪ দল। গ্রেপ্তার কিংবা বাধা দিয়ে মহাসমাবেশ কর্মসূচি বানচালের যে কোনও ধরনের সরকারি ‘ষড়যন্ত্র’ মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এদিন ‘চলো চলো ঢাকা চলো’ স্লোগানে রাজধানীতে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটাতে পার্শ্ববর্তী ১২টি জেলার ১৪ দলভুক্ত সংগঠনলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১৪ নভেম্বর সোমবার বৈঠক করবেন। ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে পৃথক চারটি টিম ১৭, ১৮ ও ১৯ নভেম্বর ঢাকা ও পার্শ্ববর্তী জেলা সফর করবে। ঢাকার পার্শ্ববর্তী ১২টি জেলায় সফর ও ব্যাপক গণসংযোগ করে তারা মহাসমাবেশে সর্বস্তরের মানুষকে যোগদানের জন্যে উদ্বুদ্ধ করবেন।

বুধবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমম্বয়ক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণফোরাম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, গণতন্ত্রী পার্টি সভাপতি নুরুল ইসলাম, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ ও ১১ দলের সমন্বয়ক মফিজুল ইসলাম খান কামালসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বেলা ১২টা থেকে দেড় ঘন্টার এ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল মহাসমাবেশ সফল করার ব্যাপারে ১৪ দলের প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সার্কের নিরাপত্তার অজুহাতে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, মহাসমাবেশ বানচালের সরকারের সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

রাশেদ খান মেনন বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপহরণ মামলা দায়ের করে সরকার নোংরা খেলা শুরু করেছে। সভা থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ধরনের নোংরা খেলা থেকে বিরত থাকার জন্যে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল্লাহ্র মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গ্রহণ ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভার এক প্রস্তাবে বলা হয়, আসন্ন হজ্ব নিয়ে আবারও অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছে। সকল ধরনের কেলেংকারি বন্ধ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে সভা থেকে সরকারের কাছে দাবি জানানো হয়।