অপহরণ মামলায় জলিলের আগাম জামিন লাভ
অপহরণ ও জমি দখল মামলায় হাইকোর্ট মঙ্গলবার ঈদের পর আদালতের কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি’র আগাম জামিন মঞ্জুর করেছেন।
আব্দুল জলিলের দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানির পর বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার জামিনের আদেশটি জারি করেন।
সিডব্লিউএন (সি)৩, ১০৫ গুলশান এভিনিউ, ঢাকা’র বাসিন্দা মুস্তারি বেগম আব্দুল জলিলকে দায়ী করে ২ নভেম্বর গুলশান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, আব্দুল জলিল ১০/১২জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে ২ নভেম্বর বাদির বাড়িতে যান। সেখানে আব্দুল জলিল ওই প্লট কিনেছেন বলে দাবি করেন। এমনকি ওই প্লটের যাবতীয় মালামাল ওই দিনই তার (আব্দুল জলিল) কাছে হস্তান্তর করা হবে বলে জলিল দাবি করেন।
বাদী মুস্তারি বেগম আরও অভিযোগ করেন, একদল সন্ত্রাসী একটি মাইক্রোবাসে করে তার বাড়িতে হানা দিয়ে তার স্বামী ও পুত্রকে অপহরণ করে। সন্ত্রাসীরা তাদের উপর নির্যাতন চালায় এবং জমির মালিকানার দাবি ছেড়ে দেয়া না হলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। অপহরণের কয়েক ঘন্টা পরে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরার সাত নম্বর সেক্টর থেকে তাদের মুক্তি দেয়া হয়।
অভিযোগের পর আব্দুল জলিল মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান।
পিটিশন উপস্থাপনকারী ও বিবাদী পক্ষের আইনজীবী আব্দুল বাসেত মজুমদার আদালতে তার মক্কেলের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আব্দুল জলিলের পক্ষে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সেলিম এসময় আদালতে উপস্থিত ছিলেন।
