২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান থানায় দায়ের করা মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: জলিল

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল তার বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

তিনি বলেছেন, রাজনৈতিক কারণে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে, দলকে ও ব্যাংককে ক্ষতিগ্রস্ত এবং হেয় করার জন্যেই একটি মহল ওই মামলা দায়ের করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে।

রাজধানীর দিলকুশায় মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সম্প্রতি গুলশান এভিনিউ’র একটি বাড়ি কেনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে থানায় মামলা এবং তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ নূরুল আলম, নির্বাহী সহ-সভাপতি আব্দুল জলিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম শহীদুল হক, পরিচালক হাসানুল জাহিদ উপস্থিত ছিলেন।

আব্দুল জলিল বলেন, ১০৫ নম্বর গুলশান এভিনিউর সিডব্লিউএন(সি)-৩ নম্বর প্লটের ২০ কাঠা ২ ছটাক জমি তিনি ১৬ কোটি ১০ টাকায় মুশতারি বেগমের কাছে থেকে কিনে নেন। তার স্বামীর নাম (মৃত) আকবর আলী।

বিধি অনুযায়ী মালিক পক্ষ ১৭ অক্টোবর রাজউক থেকে বাড়ি হস্তান্তর ও বিক্রির অনুমোদন লাভ করে। একইভাবে মার্কেন্টাইল ব্যাংক ২৬ অক্টোবর রাজউক থেকে বাড়ি রেজিস্ট্রি করার অনুমতি লাভ করে। এতে রাজউক বাড়ির মালিকানা ও অন্যান্য আইনগত বিষয়েও ছাড়পত্র দিয়েছে।

তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে গত ৩১ অক্টোবর সাব-রেজিস্টার অফিসে বাড়িটি বিক্রির দলিল সম্পাদন করা হয়। দলিল মূলে বাড়ির মালিকানা লাভের পর গত ২ নভেম্বর সন্ধ্যায় তিনি বাড়িটি দেখতে যান। সেখানে গিয়ে তিনি র‌্যাব ও পুলিশ সদস্যদের দেখতে পান। তিনি সেখানে একটি অপহরণের ঘটনা জানতে পেরে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

অথচ ওই রাতেই জনৈকা মুশতারি বেগম তাকে অন্য একটি ব্যাংকের পরিচালকের সাথে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলাতেও তিনি (জলিল) ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে বাদী উল্লেখ করেছেন।

আব্দুল জলিল বলেন, মামলার বাদী মুশতারি বেগমের স্বামী আকবর আলী জীবিত রয়েছেন। অথচ জমির মালিক মুশতারি বেগমের স্বামী মারা গেছেন। মৃত আকবর আলীর স্ত্রী মুশতারি বেগমের ছবিসহ রাজউকে ওই জমির নথিপত্র রয়েছে বলে তিনি দাবি করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জমির মালিক ও মামলার বাদী এক নয়। তবু তিনি ইতোমধ্যে ওই মামলায় জামিন নিয়েছেন। তিনি আইনগতভাবে মামলাটি লড়বেন।