শুধু উত্তরবঙ্গ নয়, সারাদেশের মানুষই এখন দুর্ভিক্ষের কবলে: হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, শুধু দেশের উত্তরবঙ্গের মানুষই মঙ্গা পিড়ীত নয় বরং সারাদেশের মানুষই এখন দুর্ভিক্ষের কবলে।
মঙ্গা কবলিত দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরকালে বগুড়ায় একটি পথ সভায় বিরোধী দলীয় নেতা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ এখন আর শান্তিতে নেই।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, জনগণের সম্পদ লুটে চারদলীয় জোট নেতারা সম্পদের পাহাড় গড়ছেন তাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাদের স্পর্শ করে না।
কিন্তু সেদিন আর বেশি দূরে নয় যেদিন, জনগণ বিএনপি জামাত জোট সরকারের লুট করা প্রতিটি পয়সার হিসেবে বুঝে নেবে।
শেরপুর এবং তিনমাথার সমাবেশে শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিনই বেড়ে চলছে। কিন্তু সার এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কৃষকরা এর সুফল পাচ্ছে না। তিনি বলেন, জোট সরকার আরও বেশি অর্থ লুট করতে দেশে উৎপাদিত সারের দিকে নজর না দিয়ে বিদেশ থেকে সার আমদানি করতে চায়।
আওয়ামী লীগ নেত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরিবার জনগণের সম্পত্তি লুুট করে বিদেশে পাচার করছে।
খালেদা নিজামী জোট সরকারকে ভোট চোর হিসেবে আখ্যায়িত করে হাসিনা বলেন, জনগণকে খুবই সজাগ থাকতে হবে যাতে এরা আবারো ভোট চুরি না করতে পারে।
শেখ হাসিনা বলেন, জনগনের ভোটের অধিকার ছিনতাই করে ক্ষমতায় আসা জোট সরকার জাতির জন্যে ভালো কিছু উপহার দিতে পারেনি।
শেখ হাসিনা এ সময় আবারও তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কার দাবির প্রতি জোর দেন। তিনি বলেন, সরকারকে এ দাবি মানতেই হবে।
জোট সরকারের ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার তীব্র সমালোচনা করেন তিনি।
চারদিনব্যাপী মঙ্গা কবলিত দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের উদ্দেশ্যে শেখ হাসিনা মঙ্গলবার সকালে সুধাসদন ত্যাগ করেন। আওয়ামী লীগ নেত্রীর যাত্রাপথের দু’পাশে হাজার হাজার মানুষ শ্লোগান ও হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানায়।
