বিরোধী দলের প্রতি সুস্থ রাজনীতি চর্চা ও নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবানে মান্নান ভূঁইয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলের প্রতি হঠকারি রাজনীতি পরিহার করে সুস্থ রাজনীতি চর্চা ও আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের কথা বলে বিরোধী দল সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চায়। তারা নিজেরাও এ প্রস্তাবের ব্যাপারে এখনো একমত হতে পারেনি। তারা সংস্কারের ব্যাপারে একমত হয়ে সংসদে এসে প্রস্তাব দিলে তাদের প্রস্তাব বিবেচনা করা হবে।
সোমবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও কেএম ওবায়দুর রহমান, যুগ্ম-মহাসচিব আশরাফ হোসেন, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, শ্রম প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া বলেন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসের একটি ‘টার্নিং পয়েন্ট’। স্বাধীনতার পর ক্ষমতাসীনদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। এর প্রতিবাদ করলে জেলে অথবা কবরে যেতে হয়েছে মানুষকে।
তিনি বলেন, বাংলাদেশে দু’বার সিপাহী ও জনতার মধ্যে ঐক্য হয়েছে। একবার ’৭১-এ, আর একবার ’৭৫-এর ৭ নভেম্বর। আওয়ামী লীগের দুঃশাসন না থাকলে দেশে ৭ নভেম্বরের প্রয়োজন হতো না।
বিএনপি মহাসচিব বিরোধী দলের প্রতি সংস্কার প্রস্তাব নিয়ে সংসদে ফিরে যাওয়ার ও আলোচনার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আর ১১ মাস বাকি আছে। নির্বাচন কমিশন ও নির্বাচনী আইনের কোনো সংস্কার প্রস্তাব থাকলে যে কোনো সময় আলোচনায় বসতে পারেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি যে কোনো সংস্কারে রাজি আছে। আসুন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। আপনারাও নির্বাচনের প্রস্তুতি নিন, আমরাও নিই। ভোটের মাধ্যমে জনগণই তাদের সিদ্ধান্ত নেবে।
ড. খন্দকার মোশাররফ হোসেন বিরোধী দলের সংস্কার প্রস্তাব প্রসঙ্গে বলেন, সকলের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি পাওয়া বাংলাদেশে সম্ভব নয়। তাদের প্রস্তাব দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবে। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হলে আবারো সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবে।
তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, জিয়া হলেন ইতিহাসের বরপুত্র। আর ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও ৭ নভেম্বর একই সূত্রে গাঁথা। ইতিহাস গড়বেন বলেই জিয়া বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম প্রধান হতে পারেননি। পরে তিনিই ইতিহাস গড়েছেন। বাংলাদেশের জনগণ তাকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছেন।
