শেখ হাসিনাকে সার্ক সম্মেলনে আমন্ত্রণ
সার্ক সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনার সহকারি ব্যক্তিগত কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী বুধবার বিডিনিউজকে জানান, আমরা এ সম্পর্কিত চিঠি গ্রহণ করেছি।
তিনি জানান, জাতীয় সংসদের একজন বাহক মারফত এ চিঠি আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবনে পৌঁছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যথাযোগ্য মর্যাদার সাথেই বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে সার্ক সম্মেলনে যোগ দানের আমন্ত্রণ পত্র পাঠানো হবে। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলীয় নেতাকে ‘অপেক্ষমাণ প্রধানমন্ত্রী’ (প্রাইম মিনিষ্টার-ইন-ওয়েটিং) হিসেবেই বিবেচনা করা হয়।
জাতীয় সংসদের সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে অন্যান্য চিঠি যেভাবে বিরোধী দলীয় নেতার কাছে পৌঁছায় এই চিঠিটিও সেভাবেই বিরোধী দলীয় নেতার দফতরে এসেছে বলে আলাউদ্দিন চৌধুরী জানান।
