জোটের ৪ বছর: বিপন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন, অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে আ. লীগ
বিএনপি-জামাত জোট সরকারের চার বছরে ক্রীড়াঙ্গনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করবে আওয়ামী লীগ।
দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ক্রীড়া সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ অনুযায়ী একটি স্থায়ীত্বশীল ও দীর্ঘ মেয়াদী ‘জাতীয় ক্রীড়া নীতি’ প্রণয়নে আমরা শিগগিরই কাজ শুরু করবো।
নগরীর একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশ পরিচালনায় প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ বিএনপি-জামাত জোট সরকারের চার বছরে দেশ ও দেশের মানুষ আজ বিপন্ন। জোট দুঃশাসনের কালো ছায়া আমাদের ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকেও গ্রাস করেছে।
ওবায়দুল কাদের বলেন, মেধা-যুক্তি-শুভবোধের জায়গায় আজ অশুভের জয় জয়কার। ফলে আমাদের সম্ভাবনার সমস্ত জায়গা ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশের ক্রীড়াঙ্গন ও সংস্কৃতিতে যে সাফল্যের সূচনা হয়েছিল, জোট সরকার তার ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।
ক্রীড়াক্ষেত্রের ‘অনিয়ম ও ব্যর্থতা’র কথা উল্লেখ করে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গত চার বছরে ক্রিকেট-ফুটবলসহ কোনও খেলারই আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন হয়নি। ক্রিকেট অঙ্গনে চলছে ক্ষমতাসীনদের চরম স্বেচ্ছাচারিতা। জাতীয় দলের রক্ষণাবেক্ষণ, কেন্দ্রীয় দপ্তরকেন্দ্রিক নিয়োগসহ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অবৈধ ক্ষমতাদখলকে বৈধতাদানের প্রচেষ্টার মধ্যেই ক্রিকেট কর্তৃপক্ষের মনোসংযোগ নিবদ্ধ। এ চার বছরে দলীয়করণ, স্বজনপ্রীতি ও কর্তা তোষণের সমন্বয়ে গড়ে ওঠেছে এক অক্রিকেটীয় সংস্কৃতি ।
সাংস্কৃতিক অঙ্গনের চিত্র তুলে ধরে তিনি বলেন, জোট সরকার রাষ্ট্রের মূল ভিত্তির ওপরই আঘাত হেনেছে। বাঙালির উদার, সংস্কারমুক্ত এবং বহু জাতি-ধর্মের মেলবন্ধনের সংস্কৃতিকে বিনাশ করার জন্যে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করছে এ সরকার।
ওবায়দুল কাদের বলেন, জোট সরকার ক্ষমতায় আসার পর প্রগতিশীল সংস্কৃতি কর্মী, লেখক এবং মুক্তচিন্তার মানুষদের ওপর নির্যাতন চালিয়ে তাদের কন্ঠ রুদ্ধ করতে চেয়েছে।
তিনি বলেন, সাংস্কৃতিক কর্মীদের ওপর নির্যাতন করেই এরা ক্ষান্ত হয়নি। সুস্থ এবং স্বাভাবিকভাবে যাতে সংস্কৃতি চর্চা না করা যায়, সেজন্যে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। খোদ ঢাকা শহরেই নানা কৌশলে সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমাদের প্রেরণার উৎস শহীদ মিনারকে কেন্দ্র করেই আবর্তিত হয় বাঙালির সাংস্কৃতিক কর্মর্কাণ্ড। জোট সরকার বারবার কেন্দ্রীয় শহীদ মিনারকে অবরুদ্ধ করার চেষ্টা করেছে।
তিনি বলেন, আজ মুক্তিযুদ্ধের সকল অর্জন, হাজার বছরের বাঙালি সংস্কৃতি বিনাশের পালা চলছে। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার ওপর আঘাত নেমে আসছে। দেশকে ঠেলে দেয়া হচ্ছে পাকিস্তানী আমলের মতো এক অন্ধকার যুগের দিকে। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার কর্নেল (অব.) লতিফ স্বেচছায় উর্দুতে সাক্ষাৎকার দিয়ে প্রমাণ করেছেন, তাদের রাজনৈতিক বিশ্বাস ও আনুগত্য এদেশ, মানুষ এবং সংস্কৃতির প্রতি নয়।
তিনি বলেন, আমরা ধাবিত হচ্ছি এক অনিশ্চিত অন্ধকারের দিকে। দেশকে বাঁচাতে অবিলম্বে এ অবস্থার উত্তরণ প্রয়োজন। অশুভ শক্তিকে উৎখাত করে হতাশাগ্রস্থ মানুষকে আবার আশার আলো দেখাতে হবে। এ প্রেক্ষিতে আমরা চাই ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সকল অনিয়ম, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করতে। চাই ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে।
এসময় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কুমকুম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
