২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঈদের দিন বিক্ষোভ মিছিলসহ প্রধানমন্ত্রীর ভবন ঘেরাও ও অবস্থান ধর্মঘট করবে

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিতে ঈদের দিন বিক্ষোভ মিছিলসহ প্রধানমন্ত্রীর ভবন ঘেরাও এবং অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সমিতির পক্ষ থেকে বলা হয়, আগামী ৪ নভেম্বর মুক্তাঙ্গনে ঈদের জামাত শেষে তারা সকাল ১১টায় বিক্ষোভ মিছিলসহ প্রধানমন্ত্রীর ভবন ঘেরাও এবং সেখানে অবস্থান ধর্মঘট পালন করবেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিতে ২০০০ সালের ১০ সেপ্টেম্বর ওসমানী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, জাতীয় পার্টি প্রেসিডেন্ট এইচএম এরশাদ, জামাত নেতা গোলাম আজম এবং খেলাফত মজলিশ নেতা মওলানা আজিজুল হক সর্মথন ব্যক্ত করেছিলেন। শিক্ষক সমিতি চলমান কর্মসূচিতে ওই ছবি সম্বলিত পোস্টার ব্যবহার করেছে। এছাড়া পোস্টারে ২০০১ সালে প্রণীত চারদলীয় জোটের নির্বাচনী ইশতেহারে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণের অঙ্গীকারের অংশটিও তুলে ধরা হয়।

সমিতির মহাসচিব আক্কাছ আলী শেখ বিডিনিউজকে মঙ্গলবার বলেন, বর্তমান সরকারের চার বছর সম্পন্ন হওয়ার পরও প্রধানমন্ত্রী তার পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন তো দূরের কথা এ ব্যাপারে আর কর্ণপাতও করছেন না।

তিনি বলেন, একসঙ্গে না হলেও পর্যায়ক্রমে বিভিন্ন পদক্ষেপ নেয়া প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব ছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্ক সম্মেলন এবং স্কুলগুলোর ফাইনাল পরীক্ষা সামনে থাকায় আগামী বেশ কয়েক মাস কোনও কর্মসূচি দেওয়া যাবে না।

দেশে ৩৭,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে ৭৫,৭৮২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা ৫৩,০০০। বর্তমানে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা ৯০ শতাংশ বেতন সরকার থেকে পেয়ে থাকেন।