রূপসা থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে সাংসদ দাদুভাইয়ের ৫ কোটি টাকার মানহানি মামলা
খুলনায় রূপসা থানা বিএনপির সভাপতি মনির আহমেদ রানা ও মুকুলিকা মালাকারের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন খুলনা-৪ আসনের বিএনপি সাংসদ এম নুরুল ইসলাম দাদুভাই।
সোমবার সকাল সোয়া ১১ টায় খুলনার এক নম্বর যুগ্ম জজ আদালতে হাজির হয়ে দাদুভাই নিজেই এ মামলা দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, রূপসা উপজেলার গোয়াড়া গ্রামের সিন্ধু মালাকারের মেয়ে মুকুলিকা মালাকার ১৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে সংসদ সদস্য এম নুরুল ইসলামের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন। পরের দিন এ বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
প্রসঙ্গত, পুলিশ ১০ অক্টোবর রাতে নগরীর বাবু খান রোডের একটি বাড়ি থেকে দুই নারীসহ রূপসা থানা বিএনপির সভাপতি মনির আহমেদ রানাকে আটক করে। এ ঘটনার পর বিএনপির দু’টি গ্রুপ একে অপরকে দোষারোপ করে বিবৃতি পাল্টা-বিবৃতি দেয়।
পরে ১৫ অক্টোবর মুকুলিকা মালাকার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে মনির আহমেদ রানাকে নির্দোষ ও ভালো মানুষ দাবি করে সাংসদ দাদুভাইয়ের বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ আনেন। এ নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নেয়।
