২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমা হামলা: গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিএনপির থানা ঘেরাও

চুয়াডাঙ্গা শহরে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিএনপির শতাধিক নেতাকর্মী শনিবার প্রায় তিন ঘন্টা সদর থানা ঘেরাও করে রাখে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে রাখে। পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ছাড়িয়ে নেওয়ার কথা বললে বেলা ১২ টা নাগাদ বিএনপি নেতারা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

এদিকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) নামে একটি চরমপন্থী সংগঠন পুলিশের ওপর বোমা হামলার দায়িত্ব স্বীকার করলেও পুলিশ তা আমলে নেয়নি।

শনিবার বিকালে খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি সোহরাব হোসেনের সাথে জেলার পুলিশ কর্মকর্তারা বৈঠক করেন। সোহরাব হোসেন পুলিশ বাহিনীকে আরো কঠোর ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে আহ্বান জানান বলে বৈঠক সূত্র জানায়।

শুক্রবার রাতে শহরের কবরী সড়কের পাশে মোড়ে অজ্ঞাত পরিচয়ের দুবৃর্ত্তরা পুলিশের ওপর বোমা হামলা করে। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনার পরই রাতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে।