বিজিএমইএ’র ইফতারে দুই দল: রাজনৈতিক অস্থিতিশীলতা আলোচনা হবে
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’র (বিজিএমইএ) রোববারের ইফতার পার্টিতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের আলোচনায় হরতালসহ রাজনৈতিক অস্থিতিশীলতা স্থান পাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ত্রি-পক্ষীয় আলোচনায় বিদ্যুতের লোডশোডিং, গামের্ন্টস শিল্প ধ্বংসে কথিত তৃতীয় শক্তি উত্থান, বেনাপোল বন্দর খুলে দেওয়ার মত ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে।
ব্যবসায়ী মহলের উদ্যোগে সম্প্রতি নেওয়া এ ধরণের উদ্যোগ এটিই প্রথম।
বিজিএমইএ সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, আমরা দুদলের শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে আন্তরিক পরিবেশে এ ধরণের একটি আয়োজন করার পরিকল্পনা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছি।
তিনি বলেন, আনন্দের বিষয় হচ্ছে বিজিএমইএ’র ওই উদ্যোগে সরকার ও বিরোধী দলের নেতারা ইতিবাচক সাড়া দিয়েছেন। এতে আমাদের উৎসাহ বাড়বে।
ব্যবসায়ী মহলের ধারণা, ওই আয়োজনে বিভিন্ন ইস্যুতে দুদলের মধ্যে মতৈক্য সৃষ্টির এক ধাপ অগ্রগতি হবে। তবে তারা এ-ও বলছেন, এটি আদৌ কোনো রাজনৈতিক উদ্যোগ নয়।
