‘বাস্তব অবস্থার প্রেক্ষিতে’ তারিখ পরিবর্তন: ১৪ দলের মহাসমাবেশ এখন ২২ নভেম্বর
আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ১৫ নভেম্বরের পরিবর্তে এ কর্মসূচি এখন ২২ নভেম্বর মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
শনিবার ১৪ দলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করেন।
গণফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ১৪ দলের সমন্বয়কারী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানান, ‘বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে’ ১৪ দল এ তারিখ পুন:নির্ধারণ করতে বাধ্য হয়েছে।
এছাড়া মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় ১৪ দল নেতৃবৃন্দের ৯, ১০ ও ১১ নভেম্বরের সফরসূচি পরিবর্তন করে ১৬, ১৭ ও ১৮ নভেম্বরে পূন:নির্ধারণ করা হয়েছে।
মহাসমাবেশের পর আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের সকল বিভাগ ও জেলা সফর করবেন।
আব্দুল জলিল বলেন, ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সার্ক সম্মেলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ন্যাক্কারজনকভাবে বলেছেন, ওই সময় কার্যত কারফিউ অবস্থা বিরাজ করবে। অসৎ উদ্দেশ্যে তারা এমন পরিবেশ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের অনেক জেলা ও উপজেলা নেতৃবৃন্দ মহাসমাবেশ এক সপ্তাহ পেছানোর জন্যে অনুরোধ করেছেন। এছাড়া ঈদের পর লোকজনের ঢাকায় ফিরতে কমপক্ষে ১০ দিন সময় লেগে যায়। আর মানুষ না থাকলে তো মহাসমাবেশ করা অর্থহীন। তাই সার্বিক বাস্তব অবস্থায় মহাসমাবেশের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
আব্দুল জলিল জানান, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২২ নভেম্বরের মহাসমাবেশ থেকে জোট সরকার পতনের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়া ওই সমাবেশ থেকে ১৪ দলের পক্ষে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রস্তাবনাসহ ন্যূনতম জাতীয় কর্মসূচি ঘোষণা করা হবে।
সারা দেশ থেকে ‘চল চল ঢাকা চল’ শ্লোগানে মহাসমাবেশে যোগ দিয়ে জোট সরকার পতন আন্দোলনকে ত্বরান্বিত করার জন্যে সভা থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া ১৪ দলের সভা থেকে উত্তরাঞ্চলে মঙ্গায় সরকারের নির্লিপ্ত ভূমিকার সমালোচনা করা হয়। সভায় রংপুর, নীলফামারি, লালমনিরহাট, কড়িগ্রাম ও গাইবান্ধায় ১৪ দলের ত্রাণ দল পাঠানোর সিদ্ধান্ত হয়।
সভা থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিরোধী দলের উত্থাপিত তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের দাবি জানানো হয়।
আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
