আ.লীগ ওয়ার্কিং কমিটি সভা: মহাসমাবেশ বানচালের চেষ্টা মোকাবেলার অঙ্গিকার
আগামী ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ১৪ দলের মহাসমাবেশ এবং আসন্ন সার্ক সম্মেলনকে সামনে রেখে বিরোধী দলের নেতা কর্মী গ্রেফতার-নির্যাতন ও মহাসমাবেশ কর্মসূচি বানচালের চেষ্টা করা হলে তা মোকাবেলা করার অঙ্গিকার ব্যক্ত করেছে আওয়ামী লীগ।
এছাড়া উত্তরবঙ্গে মঙ্গাপীড়িত অসহায় মানুষের কাছে সরকারি ত্রাণ সাহায্য না পৌঁছানোয় এবং পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস-পানি-বিদ্যুত সংকট ও বাস ভাড়া বৃদ্ধির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে প্রধান বিরোধী দল বলেছে, দেশে যে আদৌ কোন সরকার আছে তা মনে হয় না। তাদের ভাষায় ব্যর্থ জোট সরকারের বিদায় ছাড়া জনগণের কোন মঙ্গল হবে না।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) জরুরি সভায় এছাড়াও আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচি চূড়ান্ত এবং দেশের সার্বিক রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমণ্ডির কার্যালায়ে অনুষ্ঠিত সভায় ১৫ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় আগামী ২০ নভেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে যোগদানের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। তবে এ নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বিকেল তিনটা থেকে দেড় ঘন্টার এ সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক প্রেস ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
