২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ নভেম্বরের মহাসমাবেশ নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দলের ১৫ নভেম্বরের মহাসমাবেশ ঠেকাতে সরকার মরিয়া।

নিজস্ব প্রতিবেদক

আনোয়ার হক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

অন্যদিকে ‘চলো চলো-ঢাকা চলো’ স্লোগান নিয়ে এদিন বিরোধী দলের সারাদেশ থেকে ১০ লাখেরও বেশী নেতা-কর্মীর রাজধানীতে জমায়েত হওয়ার কথা। এ কর্মসূচি সফল করার মধ্য দিয়ে বিরোধী দল কার্যত অচল করে দিতে চায় প্রশাসনকে। শুরু করতে চায় নেতিয়ে পড়া জোট সরকার পতনের চূড়ান্ত আন্দোলন।

সব মিলিয়ে ওই মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থান নিয়েছে।

সরকারের নীতি-নির্ধারক একাধিক সূত্র জানায়, কিন্তু ‘নিরাপত্তা রক্ষা এবং সম্ভাব্য সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড’ এড়ানোর জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় বড় ধরণের কোনো জমায়েত করতে দেওয়া হবে না বলে সরকারের নীতি-নির্ধারক মহল সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন ঈদের পর বিরোধী দলকে মাঠে নামতে দেওয়া হবে না।

ঢাকায় এই সমাবেশে যাতে বাইরে থেকে বিরোধী দলীয় নেতা কর্মীরা না আসতে পারে, সেজন্যও তৈরী করা হয়েছে পর্যাপ্ত রূপরেখা।

নিরাপত্তা সূত্র জানায়, বিরোধী শিবিরকে ঘরে আটকে রাখার ওই কৌশল সফল করতে এরই মধ্যে ক্ষমতাসীন দলের বেশ কজন প্রভাবশালী নেতা, উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর বৈঠক হয়েছে।

অপর একটি সূত্র জানায়, এবার ১৪ দলের মহাসমাবেশ তথা বিরোধী দলগুলোর এক মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করার এ কর্মসূচি বানচাল করতে সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে।

আওয়ামী লীগের দেওয়া গত বছর ৩০ এপ্রিলের মধ্যে সরকার পতনের ডেট লাইনকে প্রতিহত করার মতো এবারও মহাসমাবেশের আগের কয়েকদিন ঢাকাসহ সারাদেশে ব্যাপক তল্লাশী ও গণধরপাকড় চালানো হতে পারে। ৩০ এপ্রিলের ডেট লাইনকে কেন্দ্র করে গতবছর সারাদেশ থেকে ২০ হাজারেরও বেশি নেতা কর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগের দাবি অনুযায়ী শুধুমাত্র এপ্রিলের শেষ ভাগেই গ্রেফতারের শিকার হন অর্ধ লক্ষ মানুষ।

তবে বিরোধী দল বলছে, সরকারের যে কোনো বাধা উপেক্ষা করে মহাসমাবেশ সফল করা হবে। ১৪ দলের শীর্ষ স্থানীয় নেতারা বিডিনিউজকে বলেন, স্বৈরাচারী কায়দায় সভা-সমাবেশ করার সংবিধানিক অধিকারে বাধা দেওয়া হলে তা মানা হবে না। মহাসমাবেশ ঠেকানোর চেষ্টা হলে তা সরকারের পতনকেই বরং ত্বরান্বিত করবে।

১৫ নভেম্বরের মহাসমাবেশ সফল করার বিষয়ে শুক্রবারও আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের বৈঠকে আলোচনা হয়। বৈঠক সূত্র জানায়, এতে সরকার মহাসমাবেশকে বাধা দিলে তা মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় মধ্য নভেম্বর থেকে দেশের রাজনৈতিক অঙ্গণ আবারো সংঘাতময় হতে পারে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, ১৫ নভেম্বরের মহাসমাবেশে ১০ লক্ষাধিক গণমানুষের জমায়েত হবে। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এদিন সরকার পতনের চূড়ান্ত সংগ্রামের ডাক দেবেন। ১৪ দলের মঞ্চ থেকে বিরোধী জোটের পক্ষে অভিন্ন জাতীয় কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

তিনি আরো জানান, মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে শুরু হয়েছে সার্বিক প্রস্তুতি।

তিনি বলেন, যে কেনো মূল্যে মহাসমাবেশ ১৫ নভেম্বরেই হবে। যতো বাধাই আসুক, সারাদেশ থেকে মহাসমাবেশে মানুষ আসবে। ঠেকাতে গেলেই সরকারের পতন ত্বরান্বিত হবে।

গণফোরাম ও ঐক্য প্রচেষ্টা সভাপতি ড. কামাল হোসেন বিডিনিউজকে বলেন, বাস্তবতা অস্বীকার করে কেউ যদি অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করতে চায়, তবে জনগণ তা মানবে না। কথা বলা ও শোনার অধিকার সকলেরই রয়েছে। সভা সমাবেশ করা সাংবিধানিক অধিকার। আর সরকারের দায়িত্ব হচ্ছে এর নিরাপত্তা বিধান করা।

ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজকে বলেন, জোট সরকারের পায়ের তলায় মাটি নেই। সরকার যদি মহসমাবেশ অনুষ্ঠানে কোনো ধরণের বাধা দেয়, তবে তাদের পতন যে ত্বরান্বিত হবে-এটা নিশ্চিত। গ্রেফতার ও ষড়যন্ত্র করে অতীতেও কেউ আন্দোলন ঠেকাতে পারেনি। এবারো পারবে না।

গণফোরাম সম্পাদক সাইফুদ্দিন আহমদ মানিক বলেন, অতীতেও অনেক স্বৈরাচারি সরকার জনগণের দাবি আদায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে; কিন্তু পারে নি। জনগণ সকল বাধা উপেক্ষা করে দাবি আদায়ের সংগ্রামে এগিয়ে যাবেন। মহাসমাবেশকে কেউই আটকাতে পারবে না।