২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিপন্থী সকল আইনজীবীকে তার সঙ্গে যোগ দেওয়ার আহবান জানালেন হুদা, টিএইচ খানের প্রত্যাখ্যান

যোগাযোগ মন্ত্রী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) একাংশের সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা বৃহস্পতিবার সরকারবিরোধী আন্দোলন মোকাবেলা করতে তার সঙ্গে যোগ দেওয়ার জন্যে ফোরামের অপর অংশের আইনজীবীদের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ওই অংশের নেতা অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক নাজমুল হুদার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

বিজেএএফ’র অপর অংশের সভাপতি অ্যাডভোকেট টিএইচ খান এ প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, বিএনপিপন্থী আইনজীবীদের ঐক্যের ব্যাপারে তারা আগ্রহী। কিন্তু ঐক্যের ব্যাপারে নাজমুল হুদা ও তার অনুসারীদের তাদের সাথে যোগ দেওয়ার প্রস্তাবটি আশাব্যঞ্জক নয়।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিশেনের দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, বিজেএএফ’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট টিএইচ খানের নির্দেশনা অনুযায়ী তিনি সংগঠন পরিচালনা করবেন।

ব্যারিস্টার নাজমুল হুদা আরও বলেন, অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। ৩১ অক্টোবর সম্মেলন অনুষ্ঠানের এক্তিয়ার তাদের নেই।

তিনি আরও জানান, সহস্রাধিক বিএনপিপন্থী আইনজীবীর সমর্থনের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটি সম্মেলন পরিচালনা করবে।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার হুদা বলেন, বিজেএএফ ভেঙে যায়নি। মতদ্বৈততা সৃষ্টি হয়েছে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট এম শামসুল আলম, অ্যাডভোকেট লুৎফে আলম, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।

ব্যারিস্টার নাজমুল হুদা গত ২৩ অক্টোবর ৫০১ সদস্যের বিজেএএফ’র আহ্বয়ক কমিটি গঠন করেন। এতে আহ্বায়ক হিসেবে ব্যারিস্টার হুদা নিজে এবং প্রধান উপদেষ্টা হিসেবে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট টিএইচ খানের নাম রাখা হয়।

ব্যারিস্টার নাজমুল হুদা ঘোষণা দিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ছয়মাসের মধ্যে বিজেএএফ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন অংশ কমিটি গঠনকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে ব্যারিস্টার নাজমুল হুদা ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিনকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিজেএএফ থেকে বহিষ্কার করে।