বিএনপি খুলনা মহানগর আহ্বায়ক কমিটি নিয়ে ভিন্ন অবস্থানে দুই গ্রুপ
বিএনপির নব গঠিত খুলনা মহানগর আহ্বায়ক কমিটির প্রতি আশরাফ-দাদু-মঞ্জু গ্রুপ ক্ষোভ ও বিষোদগার এবং মেয়র-লবী-মাজেদ গ্রুপ সন্তোষ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় এ প্রতিক্রিয়া ব্যক্ত হয়।
ঈদের পর আশরাফ-দাদু-মঞ্জু গ্রুপ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নতুন কমিটি বাতিল করার দাবি জানাবে বলে সিদ্ধান্ত নেয়। এছাড়া গত বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত গণসাক্ষর কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্তও সভায় নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে সদ্য সাবেক হওয়া কমিটির সভাপতি নুরুল ইসলাম দাদু ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হুইপ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সদ্য সাবেক হওয়া কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, মোরশেদ আলম প্রমুখ।
সভায় হুইপ ও বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, সংসদ সদস্য না হয়েও একজন ব্যক্তি দেশ ও দল চালাচ্ছেন। এভাবে দল চলতে পারে না। এসময় উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে সমর্থন জানায়। সভায় সিদ্ধান্ত হয়, নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে তারা আন্দোলন অব্যাহত রাখবে এবং বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন পর্যায়ক্রমে থানা ও ওয়ার্ড পর্যায়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
আশরাফ-দাদু-মঞ্জু গ্রুপের সভা শেষ হওয়ার পর মেয়র-লবী-মজিদ গ্রুপের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর কমিটির নব নির্বাচিত আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর লবীকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তারা আগের কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। এর আগে বিশাল শোভাযাত্রা সহকারে লবী দলীয় কার্যালয়ে আসেন।
