২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় চরমপন্থিদের গুলিতে বিএনপি নেতা নিহত, জনযুদ্ধের দায়িত্ব স্বীকার, অপর বিএনপি নেতা আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধুলাই পুরন্দপুর গ্রামে বুধবার রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে জহির বিশ্বাস (৫৫) নামে বিএনপির একজন নেতা নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 05:21 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এ খুনের দায়িত্ব স্বীকার করে স্থানীয় একটি পত্রিকায় বিবৃতি পাঠানো হয়েছে। তবে পুলিশের মতে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে জহিরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বিএনপির গ্রাম কমিটির সভাপতি রেজাউল হকসহ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে জহির তার নাতি অসীমকে সাথে নিয়ে পুরন্দপুর-মিনাজপুর রাস্তার কলুপোতা মাঠে পৌঁছলে অস্ত্রধারীরা খুব কাছ থেকে তার ওপর পর পর তিন রাউন্ড গুলি করে চলে যায়। এতে জহির ঘটনাস্থলেই মারা যান। বাড়ি থেকে নিজের কলাক্ষেতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ঘটনার পর বুধবার রাতে এ ঘটনার দায়িত্ব স্বীকার করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জনৈক রাজীব আহমদ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা অফিসে এক বিবৃতি পাঠান। বিবৃতিতে জমির বিশ্বাসকে সামাজিক উৎপীড়ক ও পুলিশের দালাল হিসেবে উল্লেখ করে বলা হয়, ক্রসফায়ারের জবাব হিসেবে তাকে খতম করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানান, নিহত জমিরউদ্দিনের সাথে জমিজমা নিয়ে আটক রেজাউল হকের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজন ভাড়াটে খুনি দিয়ে খুনের এ ঘটনা ঘটিয়েছে।