‘জোট সরকার শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত করে জাতিকে ধ্বংস করছে, সৃজনশীলতা বন্দি জঙ্গিবাদিদের কাছে’
আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, শিক্ষাকে সম্পূর্ণ রাজনৈতিক বিষয় হিসেবে চিহ্নিত করে শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত তথা পুরো জাতিকে ধ্বংস করছে সরকার। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ সেমিনারে তারা আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে জোট সরকার সৃষ্ট নানাবিধ সমস্যার মধ্যে রয়েছে, দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি, নৈরাজ্য, শিক্ষক নিয়োগে দলীয় আনুগত্যের প্রাধান্য দেওয়া, মেধা ও যোগ্যতা উপেক্ষা করা এবং ইতিহাস বিকৃতি।
বক্তারা বলেন, মেধার লালন ক্ষেত্র আজ পরিণত হয়েছে দলবাজির অনুর্বর ভূমিতে। শিক্ষা তথা মুক্তচিন্তা এবং সৃজনশীল কর্মকাণ্ড আজ বন্দি হয়ে আছে প্রতিক্রিয়াশীল ও জঙ্গিবাদি চিন্তার কাছে।
আশংকা প্রকাশ করে তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংসসহ যেভাবে দেশ চালাচ্ছে, তাতে শুধু ব্যর্থ নয়, অচল রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে দেশ।
সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী এএসএইচকে সাদেক এমপি।
‘বিএনপি-জামাত জোট শাসনামলে শিক্ষাক্ষেত্রে বিপর্যস্ত অবস্থা: উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. অনুপম সেন, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও অধ্যক্ষ এমএ আউয়াল সিদ্দিকী।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।
