পঞ্চগড়ে ভূমিহীনদের নামে বরাদ্দকৃত গুচ্ছগ্রামের জমি দখল করেছে বিএনপি সমর্থকরা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ এলাকায় জাতীয় সংসদের স্পিকারের নাম ভাঙ্গিয়ে ভূমিহীনদের নামে বরাদ্দকৃত খাস জমি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জবর দখল করে নিয়েছে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে ও এলাকাবাসীর অভিযোগে জানা যায়, স্পিকারের নির্বাচনী এলাকার অন্তর্গত তেঁতুলিয়া উপজেলার কাশিমগঞ্জ মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত পাঁচ একর ৫৭ শতক খাস জমি আশ্রায়ন প্রকল্পের আওতায় গুচ্ছগ্রাম তৈরির জন্য ১৪০ জন ভূমিহীনের নামে বরাদ্দ দেওয়া হয়। গুচ্ছগ্রাম তৈরির জন্য কাজও শুরু হয়।
কিন্তু এলাকাটি ভারত সীমান্তবর্তী হওয়ায় বিএসএফ গুচ্ছগ্রাম তৈরিতে বাধা প্রদান করলে কাজ বন্ধ থাকে।
সম্প্রতি ওই এলাকার ক্ষমতাসীন দলের সমর্থক কাদেরুল হোসেন কাদু, বাবুল, বেন্টুসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভূমিহীনদের নামে বরাদ্দকৃত জমিটি জবর দখল করে চাষাবাদ শুরু করে।
ভূমিহীন ও এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তাদেরকে বাধা দেয়।
কিন্তু জবরদখলকারীরা বাধা দানকারীদের জানায়, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার তাদেরকে এ জমি চাষাবাদ করতে বলেছেন। তাই তারা আখ চাষের জন্য চাষাবাদ শুরু করছেন।
এ ব্যাপারে বাংলাবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলীও ভূমিহীনদের নামে বরাদ্দকৃত জমি দখল করে চাষাবাদ করার বিষয়টি স্বীকার করেছেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বাসুদেব আচার্য্য বিডিনিউজকে জানান, কাগজে কলমে এই জমিটি অর্পিত সম্পত্তি। সরকার অর্পিত সম্পত্তি হিসেবে ভূমিহীনদের আশ্রায়ন প্রকল্পের জন্য এ জমি বরাদ্দ দেয়।
তবে এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় বিএসএফ’র বাধার কারণে কাজ করা সম্ভব হয়নি।
