স্বৈরাচার সরকার পতনে ঐক্যবদ্ধ হউন : ড. কামাল
ব্যাপক দুর্নীতির অভিযোগে জোট সরকারের কঠোর সমালোচনা করে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন দেশবাসীর প্রতি স্বৈরাচার সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
জোট সরকারের পঞ্চম বছর বা শেষ বছরকে ‘প্রতিরোধের বছর’ এবং জোটের দুর্নীতি থেকে মুক্তির বছর’ হিসেবে উল্লেখ করে তিনি সরকারের পতন পর্যন্ত দেশবাসীকে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির ইফতার পূর্ব আলোচনায় গণফোরামের সভাপতি ড. কামাল দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।
তিনি আরও বলেন, চলতি বছর আন্দোলনের চূড়ান্ত বছর। জোটের দুর্নীতি থেকে মুক্তির জন্য এখন থেকে আমরা ঐক্যবদ্ধ। আন্দেলনে জেতার জন্যে জনগণের সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।
সরকারের অস্বচ্ছ নীতি এবং জবাবদিহিতার অভাবের সমালোচনা করে তিনি বলেন, দেশ এখন দুষ্ট ব্যাধি, দুর্নীতি ও সন্ত্রাসে আক্রান্ত।
বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার ইঙ্গিত করে তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে তাদেরকে সতর্ক করে দিয়েছি। কিন্তু তারা আমাদের আবেদনে কোনও সাড়া দেয় নি। এখন তারা দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ।
তিনি বলেন, মঙ্গা মোকাবেলায়, বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশন (বিপিসি) টাকা দিতে অপারগতা, স্বাধীন নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন গঠনে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।
নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনে দলীয় করণের জন্যও তিনি বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের কঠোর সমালোচনা করেন।
নির্বাচন কমিশনে দলীয় করণকে তিনি সংবিধান লংঘন হিসেবে উল্লেখ করেন।
ড. কামাল বলেন, নির্বাচনকে প্রভাবিত করতেই তারা এই কাজ করেছে। কিন্তু আমি তাদের আবারো সতর্ক করে বলতে চাই এসব কর্মকান্ড করে অতীতেও বিভিন্ন সরকার গণবিক্ষোভের মুখে পড়েছে এবং ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আপনাদের ভাগ্যেও একই পরিণতি ঘটবে।
তিনি বলেন, গত চার বছরেও তারা দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে পারে নি।
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল বলেন, সরকারের চার বছরে জোট সরকারের ব্যাপক দুর্নীতির কারণে বাংলাদেশ দুর্নীতিতে পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
