২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশৃংখলা ও অব্যবস্থাপনায় শেখ হাসিনার উপস্থিতিতে পেশাজীবীদের ইফতার অনুষ্ঠান বয়কট করেছেন সাংবাদিকরা

বিশৃংখলা ও অব্যবস্থাপনার মুখে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পেশাজীবী সমন্বয় পরিষদের ইফতার অনুষ্ঠান বয়কট করেছেন সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বুধবার ঢাকার অফিসার্স ক্লাবে এ ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মঞ্জুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদসহ সমমনা রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য শ্রেণী পেশার নেতৃবৃন্দ এতে অংশ নেন।

শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে আসেন বিকেল সোয়া পাঁচটায়। এর প্রায় আধঘন্টা আগে বিরোধী দলীয় নেতার সংবাদ কাভার করতে আসা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ত্রিশ জনের বেশি আমন্ত্রিত সাংবাদিক সেখানে আসেন।

কিন্তু আওয়ামী লীগ ও বাস্তুহারা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের জন্য বসার জায়গা ও ইফতারের ব্যবস্থা করা হলেও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য কোন ব্যবস্থাই ছিল না।

তারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ডা: কামরুল আহসানসহ পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেও ব্যর্থ হন। সাংবাদিকরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও নেতাদের সেদিকে লক্ষ্য ছিল না। বরং ক্যামেরাম্যানদের দৃষ্টি আকর্ষণ করে অনেককেই তাদের ছবি তোলার জন্য অনুরোধ করতে দেখা যায়।

শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছে মোনাজাতে অংশ নেন। আর মোনাজাতের এক মিনিট পরেই আজান শুরু হলে সবাই ইফতারে ব্যস্ত হয়ে পড়েন। নিরূপায় সাংবাদিকরা পরিস্থিতি দেখে শেখ হাসিনার সামনেই অনুষ্ঠান বর্জন করে ক্লাব এলাকা ত্যাগ করে বাইরে গিয়ে তড়িঘড়ি কোন রকমে রাস্তার পাশে ইফতার সারতে বাধ্য হন। এসময় সেখানে আবারও হৈচৈ, চিৎকার, চেঁচামেচি, হট্টগোল ও ধাক্কাধাক্কিতে পুরো অনুষ্ঠান হয়ে পড়ে বিশৃঙখল।

এদিকে শেখ হাসিনা আসার কিছুক্ষণ আগে তার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ আসলেও অনুষ্ঠান কাভার করতে আসা রিপোর্টারদের কোন খোঁজ নেওয়ারও চেষ্টা করেননি। সাংবাদিকদের অনুষ্ঠান বর্জনের মুহূর্তেও তাকে আর দেখা যায়নি। উপস্থিত সাংবাদিকসহ অনেককেই আওয়ামী লীগ ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং শেখ হাসিনার প্রেস সেক্রেটারির নির্লিপ্ত ভূমিকার কড়া সমালোচনা করেন।

নেতৃবৃন্দের নেতিবাচক আচরণ ও অব্যবস্থাপনার প্রতিবাদে সাংবাদিকরা পরে এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন।