একাত্তরের ইতিহাস ভুলিনি : পাক কূটনীতিককে শেখ হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরের গণহত্যা ও অত্যাচার-নির্যাতনের কথা আমরা ভুলে যাইনি।
আমরা মাফ করে দিতে পারি, কিন্তু ভুলতে পারি না। একাত্তরের ভয়াল দিনগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস কখনো বদলানো যাবে না।
বুধবার ঢাকায় পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার আলমগীর বাবর শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন।
বৈঠক সূত্র জানায়, সুধাসদনে প্রায় এক ঘন্টার বৈঠকে তারা দুদেশের মধ্যে ব্যবসা-বানিজ্য বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া বৈঠকে স্থান পায় এই উপমহাদেশের সন্ত্রাস, মৌলবাদি জঙ্গিদের উত্থান ও তৎপরতার নানা বিষয়।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তানী হাইকমিশনার শেখ হাসিনাকে জানিয়েছেন, ২০০২ সালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরকালে একাত্তরের গণহত্যার ব্যাপারে দু:খ প্রকাশ করেছেন। পাকিস্তানেও এ নিয়ে সমালোচনা হয়। সেখানকার সরকারও এবিষয়ে উদ্বিগ্ন। তবে একাত্তরের ওই ঘটনাকে ‘পেছনের বিষয়’ উল্লেখ করে তারা সামনের দিকে এগিয়ে যেতে চান।
বৈঠকে শেখ হাসিনা গত বছরের ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং এ বছরের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলার কথা উল্লেখ করে বলেন, ওই সকল ঘটনার কেনো তদন্ত বা অপরাধীদের গ্রেফতার ও শাস্তি হচ্ছে না। আর এ কারণে জঙ্গিরা আরো সুযোগ পেয়ে যাচ্ছে।
পাক হাই কমিশনার বলেন, পাকিস্তানেও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
পাকিস্তানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে পাকিস্তান সরকারের কাছে শোক বার্তা পাঠানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা তাকে জানান, বিরোধী দল হওয়া সত্ত্বেও পাকিস্তানে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে আওয়ামী লীগ প্রস্তুত। তিনি বলেন, আওয়ামী লীগ নির্দিষ্ট কেনো দেশের বিপক্ষে নয়। কারো সঙ্গে দলের কোনো শত্রুতাও নেই। তারা সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায়।
